শ্রীমঙ্গলের সময়

তেল-গ্যাস রক্ষা আন্দোলনের কর্মী সুমন ও সুইটের প্রয়াণ দিবসে বাসদের শ্রদ্ধা ও স্মরণসভা

সিলেটের খবর · 2026-10-27T23:43:00.000000Z · প্রতিবেদক, হবিগঞ্জ


তেল-গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঐতিহাসিক আন্দোলনের দুই শহীদ কর্মী কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন ও কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইটের ২৪তম প্রয়াণ দিবস পালন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) হবিগঞ্জ জেলা শাখা।
​সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে কমরেড সুমনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও লাল সালাম জানান বাসদের নেতাকর্মীরা। পরে বড়ইউড়ি বাজার ও সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ জেলা কার্যালয়ে পৃথক দুটি স্মরণসভা অনুষ্ঠিত হয়।
​২০০২ সালে চট্টগ্রাম ও মোংলা বন্দর মার্কিন বহুজাতিক কোম্পানি এসএসএর কাছে লিজ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে তেল-গ্যাস রক্ষা কমিটি ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আয়োজন করে। ওই লংমার্চে অংশ নিয়ে সিলেটে ফেরার পথে ২৪ বছর আগের এই দিনে (২৭ অক্টোবর) আখাউড়ার আজমপুরে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত হন সুমন ও সুইট। কমরেড শফিকুর রহমান চৌধুরী সুমন ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সিলেট মহানগর শাখার তৎকালীন সাধারণ সম্পাদক এবং কমরেড আব্দুল গাফফার চৌধুরী সুইট ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য।
​বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব শফিকুল ইসলামের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য দেন— জেলা কমিটির সদস্য ফয়সল আহমেদ, জাকসুর সাবেক জিএস অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহীন, চিকিৎসক সুনীল রায়, বাসদ নেতা লোকমান আহমেদ তালুকদার, ইমদাদ হোসেন খাঁন, হারুন সিদ্দিকী, লুৎফুর রহমান ছোটন, ফয়েজ আহমেদ, নুর ইসলাম ও পরাগ প্রমুখ।
​সভায় বক্তারা বলেন, জাতীয় সম্পদ রক্ষা ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে কমরেড সুমন ও সুইটের আত্মত্যাগ দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান প্রসঙ্গ টেনে বক্তারা বলেন, চট্টগ্রামের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল ১৫ বছরের জন্য বিদেশি কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’-এর হাতে তুলে দেওয়ার চুক্তি দেশের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং জাতীয় সম্পদ রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেন।​এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আগামী ৩০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত