শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ

সিলেটের খবর · 2026-10-28T16:52:00.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে নানা আয়োজনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।​বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মৌলভীবাজার সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নাসির উদ্দিন।​সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম।​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সাথে পরিবহন খাতের সাথে জড়িত সবাইকে আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে।”​অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিআরটিএর প্রতিনিধি দল, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের মাঝে বিআরটিএ-র পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।



আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত