মেয়ের অসুস্থতা ও প্রতিবেশীর মৃত্যু: দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার
সিলেটের খবর · 2026-10-31T13:45:00.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
মেয়ের অসুস্থতা এবং প্রতিবেশী এক নারীর মৃত্যুর কারণে দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকতে না পারায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগেও সতর্ক করা সত্ত্বেও পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সমালোচনাবহিষ্কারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের প্রায় ৮০ শতাংশ নেতাকর্মী ও স্থানীয়দের অভিমত, পারিবারিক চরম সংকটের এই বিষয়টি কেন্দ্রীয় কমিটির কাছে ভুলভাবে উপস্থাপন করা হতে পারে।নেতাকর্মীরা জানান, বিগত ১৭ বছরের রাজনৈতিক লড়াই-সংগ্রামে মহিউদ্দিন ঝাড়ু একাধিকবার কারাবরণ করেছেন। মামলা-মোকদ্দমা মোকাবেলা করতে গিয়ে তাঁকে পৈত্রিক সম্পত্তিও বিক্রি করতে হয়েছে। দুর্দিনের এই নেতার বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার জন্য তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোরালো দাবি জানিয়েছেন।নেতার বক্তব্য ও ঘটনার প্রেক্ষাপটএ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু বলেন, “পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে আমি মৌলভীবাজারের জেলা যুবদলের কর্মসূচিতে উপস্থিত থাকতে পারিনি, যা আমার অনিচ্ছাকৃত ভুল ছিল। তবে নিজে উপস্থিত থাকতে না পারলেও শ্রীমঙ্গলের নেতাকর্মীদের ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমি আগে থেকেই একাধিক বৈঠক করেছি এবং যাতায়াতের জন্য ছয়টি বাসও ঠিক করে দিয়েছিলাম।” আশা প্রকাশ করে তিনি বলেন, সংগঠন বিষয়টি মানবিক ও ইতিবাচক দৃষ্টিতে পুনর্বিবেচনা করবে।শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সদস্যসচিব টিটু আহমদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদরও একই সুরে কথা বলেন। তারা জানান, ঝাড়ুর মেয়ের অসুস্থতা এবং বাড়িতে প্রতিবেশী এক নারীর মৃত্যুর মতো জরুরি পারিবারিক পরিস্থিতির কারণে তিনি যেতে পারেননি। তবে তিনি নেতাকর্মীদের নিয়ে বাস ভাড়া করে অনুষ্ঠান সফল করার সব ব্যবস্থা করে দিয়েছিলেন। প্রতিকূল সময়ে দলের জন্য তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তাঁরাও কেন্দ্রের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।