শ্রীমঙ্গলের সময়

প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-25T07:02:44.000000Z · জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পাশাপাশি সমবায় প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ রয়েছে।

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি দল সাভার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় বিভিন্ন মামলায় এসব গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

এদিকে, ‘সুরমা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামের একটি সমবায় প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রায় ৩০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম সংশ্লিষ্ট আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত