প্রতিবন্ধকতা পেরিয়ে সম্ভাবনার পথে ভূঞাপুরের নারীরা, চলছে বিনামূল্যে প্রশিক্ষণ
সারাদেশ · 2026-11-29T12:36:08.000000Z · স্টাফ রিপোর্টার
দারিদ্র্য ও ভৌগোলিক প্রতিবন্ধকতা পেরিয়ে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গ্রামীণ নারীরা। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ উদ্যোগের মাধ্যমে নারীদের পাশাপাশি তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।এ কার্যক্রম বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান। তরুণদের বিদেশি ভাষা শিক্ষা, গ্রামীণ নারীদের সেলাই প্রশিক্ষণ, তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণ এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
জানা যায়, ১৩৪ দশমিক ৪৬ বর্গকিলোমিটার আয়তনের চরাঞ্চলবেষ্টিত ভূঞাপুর উপজেলার জনসংখ্যা ২ লাখ ১৭ হাজার ৩২৭ জন। এর প্রায় অর্ধেক নারী। এসব নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলার অলোয়া, গাবসারা, অর্জুনা, ফলদা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নে ১০টি করে মোট ৬০টি সেলাই মেশিনের মাধ্যমে চালু করা হয়েছে নারীদের প্রশিক্ষণ কেন্দ্র ‘উদয়িনী’। বিভিন্ন শিফটে ভাগ হয়ে আগ্রহী নারীরা বিনামূল্যে এ প্রশিক্ষণ গ্রহণ করছেন। ইতোমধ্যে প্রশিক্ষণ নিয়ে অনেক নারী নিজেদের স্বাবলম্বী করার স্বপ্ন দেখছেন।
সেলাই প্রশিক্ষণের পাশাপাশি ছয়টি ইউনিয়নে ১০টি করে মোট ৬০টি কম্পিউটারের মাধ্যমে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ছয়টি ইউনিয়নের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‘হেলথ অ্যান্ড ফিটনেস ইনিশিয়েটিভ’।
বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নেওয়া গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের রেহানা পারভিন সুমি, রহিমা খাতুন ও শাহনাজ বেগম বলেন, বাড়ির গৃহস্থালি কাজ শেষ করে বেশিরভাগ সময় অলস কাটাতে হতো। অন্যদিকে সংসারের খরচ মেটাতেও অনেক সময় হিমশিম খেতে হয়। তাই বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ কাজে লাগিয়েছেন তারা। প্রশিক্ষণ থেকে সেলাইয়ের বিভিন্ন কাজ শিখেছেন। এখন ঘরে বসেই সেলাইয়ের কাজ করে আয় করার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন বলে আশা করছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি গ্রামীণ দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে তারা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেই কার্যক্রমগুলো নেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।