শ্রীমঙ্গলের সময়

ঈশ্বরগঞ্জে ইউএনওর কার্যালয়ে পেট্রোল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের সন্দেহ

সারাদেশ · 2026-11-29T12:08:47.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ভবনের নিচতলায় পেট্রোল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের সন্দেহ করা হচ্ছে। উপজেলা যুব উন্নয়ন ও সমবায় কর্মকর্তার কার্যালয়ের মাঝামাঝি দেয়ালে পোড়ার চিহ্ন এবং মেঝেতে সবুজ কাচের টুকরা পাওয়া গেছে। দেয়ালে লাগানো নোটিশের কিছু অংশও পুড়ে গেছে। 

এ ঘটনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে এটি পেট্রোল বোমার বিস্ফোরণ কি না, তা নিশ্চিত হতে পারেনি উপজেলা প্রশাসন।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কার্যালয় খোলার সময় বিষয়টি প্রথম নজরে আসে। পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কার্যালয়ের কাঁচের গেট বন্ধ ছিল এবং সামনে ছিল গ্রিলের বেড়া। উপজেলা চত্বরে রাতভর গ্রাম পুলিশ ও নৈশপ্রহরীরা দায়িত্ব পালন করলেও তারা বিস্ফোরণের কোনো শব্দ শোনেননি। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও সন্দেহজনক কোনো দৃশ্য পাওয়া যায়নি। এমনকি ঘটনাস্থলে পেট্রোলের গন্ধও পাওয়া যায়নি।

উপজেলা পরিষদে সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, বাইরে থেকে ওই স্থানে কোনো বস্তু নিক্ষেপ করা কঠিন। কারণ, কার্যালয়ের কাঁচের গেট বন্ধ ছিল। এ ছাড়া গ্রিলের ফাঁক দিয়ে হাত ঢোকানোও কঠিন। ফলে কীভাবে সেখানে বোতল বা অন্য কোনো বস্তু পৌঁছাল, তা নিয়ে সন্দেহ রয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ক্যাশিয়ার সাজেদুল ইসলাম বলেন, ‘সকালে অফিসের গেট খুলতেই মেঝেতে কাচের টুকরা পড়ে থাকতে দেখি। পরে দেয়ালের দিকে তাকিয়ে নোটিশ বোর্ডের কাগজ পোড়া অবস্থায় দেখতে পাই। বিষয়টি যুব উন্নয়ন কর্মকর্তাকে জানাই।’

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ বলেন, ‘সকাল ৯টার দিকে আমাদের অফিসের ক্যাশিয়ার সাজেদুল অফিস খোলার সময় বিষয়টি দেখতে পান। উপজেলা যুব উন্নয়ন ও সমবায় কার্যালয়ের মাঝামাঝি দেয়ালে পেট্রোল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ‘রবিবার ভোরের দিকে উপজেলা পরিষদের যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের কক্ষের সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

তবে ঘটনাটি পেট্রোল বোমার বিস্ফোরণ কি না, সে বিষয়ে নিশ্চিত নন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। 

তিনি বলেন, ‘উপজেলা চত্বরে সারা রাত গ্রাম পুলিশ ও নৈশপ্রহরীরা দায়িত্বে ছিলেন। তারা বিস্ফোরণের কোনো শব্দ পাননি। সংশ্লিষ্ট অফিসের গেট বন্ধ ছিল। গ্রিলের খোপ দিয়ে কোনো বস্তু নিক্ষেপ করাও কঠিন। সিসিটিভি ক্যামেরার ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপের কোনো দৃশ্য পাওয়া যায়নি। পেট্রোলের গন্ধও পাওয়া যায়নি। তবে যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের দেয়ালে কিছু নোটিশের কাগজ পোড়া অবস্থায় দেখা গেছে। মেঝেতে কাচের বোতলের কিছু টুকরা পড়েছিল। ধারণা করা হচ্ছে, ভোরে ঘটনাটি ঘটে থাকতে পারে। এটি পেট্রোল বোমা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত