গোপালগঞ্জ পুলিশ লাইন্স মোড়ের ফটকে নৌকা স্থাপন করল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
সারাদেশ ·
2026-11-29T12:05:35.000000Z
· মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জ শহরের পুলিশ লাইন্স মোড়ের প্রবেশ ফটকের ওপরে দলীয় প্রতীক নৌকা স্থাপন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ রবিবার দুপুর ১টার দিকে জাতীয় সংগীত বাজিয়ে এবং স্লোগান দিয়ে তারা এই নৌকা স্থাপন করেন। এ সময় নেতাকর্মীরা পুলিশ লাইন্স মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর বলে ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার আগে থেকেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের পুলিশ লাইন্স মোড়ে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তারা ওই এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এই কর্মসূচিতে পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীকেও অংশ নিতে দেখা যায়।সরেজমিনে দেখা যায়, কর্মসূচি চলাকালে কয়েকজন যুবক ও নেতাকর্মী মই বেয়ে পুলিশ লাইন্স মোড়ের সাদা রঙের ফটকটির ওপরে উঠে পড়েন। পরে তারা সেখানে কালো রঙের একটি বড় প্রতীকী নৌকা স্থাপন করেন। নৌকাটির গায়ে সবুজ রঙের ব্যানারে জয় বাংলা লেখা ছিল এবং এর সঙ্গে বাংলাদেশের একাধিক জাতীয় পতাকাও লাগানো হয়। ফটকের ওপরে নৌকা স্থাপনের সময় নিচে থাকা নেতাকর্মীরা হ্যান্ডমাইকে স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং অনেকে মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন।এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ জগলুল কাদের নয়ন জানান, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়েছে এবং পুলিশ লাইন্স মোড়কে বঙ্গবন্ধু চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে।এদিকে, ব্যস্ততম এই সড়ক মোড়ে হঠাৎ অবরোধ ও ফটকে প্রতীকী নৌকা স্থাপনের ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় কোনো ধরনের সংঘর্ষ বা হতাহতের খবর পাওয়া যায়নি।