শ্রীমঙ্গলের সময়

স্কোপাসে গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ঢাবি, দ্বিতীয় কে?

শিক্ষা · 2026-10-30T05:27:00.000000Z · ডেস্ক রিপোর্ট

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০২৬ সালের অক্টোবর মাসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির মোট গবেষণা প্রকাশনা ১৮ হাজার ২৫৫টি। ১৩ হাজার ৮০৭টি প্রকাশনা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানভিত্তিক গবেষণা প্রকাশনার হিসাবে ১৮ হাজার ২৫৫টি প্রকাশনা নিয়ে প্রথম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ অর্জনকে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের গবেষণা প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের অক্টোবর মাসে স্কোপাসের প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা প্রকাশনার এ পরিসংখ্যান পাওয়া গেছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৩ হাজার ৮০৭টি গবেষণা প্রকাশনা নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অন্যদিকে, বাংলাদেশের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮০৮টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংখ্যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।

এ অর্জনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, গবেষণা ও জ্ঞানচর্চার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও অবদান রয়েছে। স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে থাকা শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের নিরলস গবেষণার প্রতিফলন।

তিনি আরও বলেন, গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী জ্ঞানচর্চার পরিসর আরও সম্প্রসারণ করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে গবেষকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, গবেষণাবান্ধব পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার দৃশ্যমানতা বাড়াতে কাজ চলছে।

এ অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে অভিনন্দনও জানিয়েছেন উপাচার্য।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত