যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহতের সংখ্যা ছাড়াল ১,৫৭৪
বিশ্ব · 2026-10-30T06:08:00.000000Z · ডেস্ক রিপোর্ট
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি থামেনি। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে আরও ছয়জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ৩৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৫৭৪ জনে।
শুক্রবার (৩০ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৫ হাজার ৬৮৭ ফিলিস্তিনি। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৮৪৫ জনের মরদেহ।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭০ জনে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮০৮ জন।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিভিন্ন এলাকায় হামলা ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এতে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির সময় হতাহতদের সংখ্যা নিয়মিত হালনাগাদ করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে উপত্যকার বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের নিচে এখনো নিখোঁজ মানুষের সন্ধান চলছে। উদ্ধারকারী দল নতুন মরদেহ উদ্ধারের পাশাপাশি আগের হামলায় নিহতদের পরিচয় শনাক্ত করছে। ফলে নতুন তথ্য যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মোট প্রাণহানি ও আহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।