গভীর রাতে ব্যাংকের ভল্ট ভাঙার ঘটনায় এবার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
অর্থনীতি · 2026-10-24T14:44:53.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখায় লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ব্যাংকটির নিরাপত্তাকর্মী মো. মাজহারুল ইসলাম ওরফে সাগর (২২)।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া কাউসার আহম্মেদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাগরের নাম উঠে আসে। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মাজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবুল কাশেম ও মিলন আক্তার দম্পতির ছেলে।
এর আগে, গত ২১ অক্টোবর রাত সোয়া ৩টার দিকে সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টা হয়। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে নিরাপত্তাকর্মী বাঁধন খুলে চিৎকার শুরু করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তারা কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। কাউসার উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কাউসারকে আটকের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।
এ ঘটনায় গত ২২ অক্টোবর ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় কাউসার আহম্মেদের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, কৃষি ব্যাংকে লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কাউসার আহম্মেদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে আসে। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।