শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে প্রকাশ্যে যুবককে ছিনতাই ও অপহরণের চেষ্টা ​অভিযোগ

সিলেটের খবর · 2026-10-23T15:32:00.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার


​শহরের ব্যস্ততম এলাকায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলা, নগদ টাকা ও মূল্যবান অলংকার লুটের অভিযোগ
মৌলভীবাজার শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কুসুমবাগ শপিং সিটির সামনে প্রকাশ্যে এক যুবককে ঘিরে ধরে মারধর, নগদ টাকা ও মূল্যবান অলংকার ছিনতাই এবং জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণচেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততম শহরে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক নিজে বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খিদুর এলাকার বাসিন্দা তবারক আলীর ছেলে টিপু সুলতান (২৩) পারিবারিক প্রয়োজনে বাজার করতে কুসুমবাগ শপিং সিটির সামনে যান। এ সময় পূর্বপরিচিত ও স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত হাসাইন মিয়া (২০), শাহীন মিয়া (২২), শোভন মিয়া (১৯), সোহাগ মিয়া (২০), জুবেল মিয়া (২০), রাহিদ মিয়া (২১)-সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।​টিপু সুলতান এর প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে একটি মাইক্রোবাসে তোলার চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে।​পরবর্তীতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পকেট থেকে নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া তার গলার ৪ ভরি ওজনের একটি রূপার চেইন (মূল্য আনুমানিক ২০ হাজার টাকা) এবং হাতের ৫ ভরি ওজনের রূপার ব্রেসলেট (মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা) জোরপূর্বক ছিনিয়ে নেয়।
​ভুক্তভোগীর চিৎকার শুনে শুভ আহমেদ, শিপন মিয়া, সোয়েব মিয়াসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে আহত অবস্থায় টিপু সুলতান মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
​এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এ বিষয়ে আজ অভিযোগ পেয়েছি, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত