শ্রীমঙ্গলের সময়

ইবির সমাবর্তনে খাবারের বাজেট যত, যা থাকছে মেন্যুতে

শিক্ষা · 2026-11-24T09:45:33.000000Z · ডেস্ক রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণকারীদের আপ্যায়নে জনপ্রতি ৯৯৪ টাকা ব্যয় ধরা হয়েছে। ১৬ হাজার ৫০০ জনের জন্য মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬৪ লাখ ১ হাজার টাকা। খাবারের তালিকায় থাকছে খাসির কাচ্চি, জালি কাবাব, মুরগির রোস্টসহ নানা আয়োজন।

আগামী বছরের ২রা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তন। সমাবর্তন ঘিরে শুরু হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। সমাবর্তনে অংশগ্রহণকারীদের আপ্যায়নের জন্য থাকছে হরেক রকম খাবারের ব্যবস্থা।

আয়োজন কমিটি সূত্রে জানা যায়, খাবারের মেন্যুতে থাকছে, খাসি দিয়ে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি, জালি কাবাব, নয়শো গ্রাম ওজনের পাকিস্তানি কক মুরগির ওয়ান ফোর্থ রোস্ট। সাথে আরও থাকছে জর্দা, পানি, কোল্ড ড্রিংকস এবং প্রত্যেকের জন্য ব্যাগ।

আপ্যায়নের জন্য ১৬৫০০ জনের আপ্যায়ন বাজেট নির্ধারণ করা হয়েছে। ট্যাক্স, ভ্যাট এবং আনুষঙ্গিক খরচসহ জনপ্রতি ৯৯৪ টাকা ধরে সর্বমোট বাজেট ১৬,৪০১,০০০ টাকা হিসাব করা হয়েছে।

গত ১২ই অক্টোবর আপ্যায়নের কার্যক্রমের জন্য লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে আহ্বায়ক করে ২৪ সদস্যের আপ্যায়ন উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুষ্ঠুভাবে কনভোকেশন আয়োজনের লক্ষ্যে আপ্যায়ন কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে অর্থ সংক্রান্ত বাজেট প্রস্তুত করে অর্থ কমিটির আহ্বায়কের নিকট জমা দিতে বলা হয়।

এর আগে ৮ নভেম্বরে সমাবর্তনের নিবন্ধনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন করা হয়। এতে মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়। গত ১০ নভেম্বর ২০২৬ পোর্টাল উন্মুক্ত করে আগ্রহী শিক্ষার্থীদের https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে বলা হয়।

এদিকে প্রশাসনের নির্ধারিত আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল। তবে এই পর্যন্ত কতজন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, আবেদনের সময় বৃদ্ধি এবং রেজিস্ট্রেশন ফি কমানো হবে কিনা এ বিষয়ে প্রশাসন থেকে সঠিক তথ্য জানা যায়নি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত