গৌরীপুরে হাজারো কুমড়া চাষীর অভাবনীয় সাফল্য
সারাদেশ · 2026-11-28T08:25:45.000000Z · স্টাফ রিপোর্টার
পানিতে ভাসছে কুমড়া; মাথা উঁচু করে দাঁড়ানো কৃষক। এই চাল কুমড়া চাষীদের ঘরেঘরে এনে দিয়েছে অভাবনীয় সাফল্য। হাজারো পরিবারের ভাগ্যের পরিবর্তন করছে।
কবি আবু জাফর ওবায়দুল্লাহ কবিতার লাইনের মতোই পুরো গ্রামজুড়ে দেখা মিললো ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা।’ সেই লতার ডগায় ভরে গেছে চাল কুমড়ায়। পানির উপরে মাচায় দুলছে শতশত কচি কুমড়া আর কুমড়োর লতা। মাথা উঁচু সেই কুমড়া তুলছেন কৃষক। এমন অপরূপ সৌন্দর্য্যরে মিলনমেলা দেখা মিললো ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী নয়াপাড়া।
কৃষি বিভাগ জানায়, প্রতি হেক্টর জমিতে ২৫ থেকে ২৬ মেট্রিক টন চাল কুমড়া উৎপাদিত হচ্ছে। প্রতি ১০ শতক বা এক কাঠা জমিতে ৫০ থেকে ৬০ মণ চাল কুমড়া উৎপাদিত হয়। স্থানীয় পাইকারদের কাছে প্রতিটি চাল কুমড়া গড়ে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলে এক কাঠা জমি থেকে কৃষকের আয় হচ্ছে ৫০ থেকে ৬০ হাজার টাকা।
এ অঞ্চলে চাল কুমড়ো চাষ করে ভাগ্যের পরিবর্তন করেছেন কৃষক মজিবুর রহমান। তিনি জানান, পরিত্যক্ত ছিলো পুরো পুকুরপাড়। সেই পাড়ে এখন হাজার হাজার কুমড়া ঝুলছে। আগে বলতো এই জমি পাঞ্জা (অনুর্বর ও অফসলি জমি)। সেই পাঞ্জা জমিতে গোবর, আর্বজনা পঁচিয়ে কম্পোস্ট তৈরি করেছি। এতে রাসায়নিক সারের প্রয়োজন হয়নি। খরচও কম। তিনি আরও জানান, ৮০শতাংশের একটি পুকুর ও ৩৬শতাংশের একটি পুকুর ও ৫৫শতাংশের পুকুরের পাড়ে কুমড়া চাষ করা হয়েছে। এছাড়াও পাড়ে ঢেড়স, শিম, ঝিঙা-চিচিঙাও চাষ করা হয়েছে। প্রতি বছর লাখ টাকা বিক্রি ছাড়িয়ে যায়।
তিনি আক্ষেপ করে বলেন, আমরা যা কিছু করি আমাদের বুদ্ধিতে, কৃষি বিভাগের কেউ আমাদের খোঁজখবরও রাখে না। ভ্যানগাড়ি পুকুরপাড়ে আসে ভোরে স্থানীয় পাইকাররা কিনে নিয়ে যায়। আশপাশের শতাধিক কৃষকের সবজি এ পুকুরপাড়ের বিক্রি হয়।
মাওহার ভুটিয়ারকোনোর কৃষক জয়নাল আবেদিন জানায়, প্রায় ৩০ শতক জমিতে তিনি আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত চাল কুমড়ো চাষ করেন। ইতোমধ্যে ১৯হাজার টাকার বিক্রি হয়েছে। এখন কুমড়ার দাম কমে গেছে। আরও ১৫-২০হাজার টাকা বিক্রি হবে। পালুহাটি গ্রামের কৃষক আজিজুল ইসলাম জানান, তিনি ৫০শতাংশের পুকুরপাড়ে কুমড়ো চাষ করেন। বিনাখরচে ৮হাজার টাকার বিক্রি হয়েছে। আরও ৪-৫হাজার টাকা বিক্রি হবে। ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুর রহমান জানান, নিচে আলু, পেয়াজ, আদা-হলুদ করেছি। উপরে মাচায় করেছি লাউ আর কুমড়ো চাষ। এটা অতিরিক্ত ফসল। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। একই গ্রামের ইদ্রিস আলী, সুলতান মিয়া ও আবুল খায়ের জানায়, চেষ্টা ও শ্রমের মাধ্যমে সফলতা আসে। আগে ঘরের চালে এবং পুকুরের আশ পাশে চাষ হতো। আর এখন লাভজনক হওয়ায় জমিতে মাচা করেই চাল কুমড়ার চাষ করছেন তারা।
সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের কৃষক সাহেদ আলী জানান, তিনি নিয়মিত কুমড়ো চাষ করেন। গত বছর এক বিঘা জমিতে করে ছিলেন। এবারও করেছেন। খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। প্রায় ১লাখ ৭০হাজার টাকার কুমড়া বিক্রি হবে। রামগোপালপুর ইউনিয়নের বেরাটি গ্রামের কৃষক আবুচান জানায়, কুমড়া চাষের প্রধান শত্রু মাছি পোকা। আবাদকৃত কুমড়ার ফুলে ও ফলে এই পোকা বসলে কুমড়া লাল হয়ে নষ্ট হয়ে যায়। ফলে কুমড়া ঝড়ে পড়ে। এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি সেক্স ফেরোমন পদ্ধতি ব্যবহার করে পোকা নিধন করেন। এবার দুই বিঘা জমিতে তিনি চাল কুমড়ার চাষ করেছেন। বিগত বছরের তুলনায় এবার ফলনও ভাল।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কাওছার আহম্মদ খান বলেন, এ মৌসুমে চাল কুমড়া চাল হয়েছে ২৫ হেক্টর জমিতে। উৎপাদিত কুমড়ার পরিমাণ প্রায় ৪০০টন।
উপজেলা কৃষি অফিসার মো. এহসানুল হক জানান, ‘আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর চাল কুমড়ার বাম্পার ফলন হয়েছে। দাম বেশি পাওয়ায় কৃষকের চোখে মুখে এখন আনন্দ বইছে। পতিত জমিতে ভালা শাকসবজি উৎপাদিত হওয়ায় কৃষকেরা দিন দিন শাকসবজি আবাদে আগ্রহী হয়ে উঠেছে।