নিকলীতে কলেজ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকের সঙ্গে অসদাচরণের অভিযোগ
সারাদেশ · 2026-11-28T07:20:18.000000Z · স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের নিকলীতে সরকারি মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন শেষে এক সাংবাদিকের সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অসদাচরণের অভিযোগ উঠেছে। কলেজের ছাত্রীদের জন্য কমনরুম ও নারী কর্মচারী নিয়োগের বিষয়ে প্রশ্ন করায় তিনি ওই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ। এ সময় কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভবন উদ্বোধন শেষে কলেজের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে কলেজের অভ্যন্তরীণ সমস্যা ও অনিয়ম নিয়ে আলোচনা করছিলেন সংসদ সদস্য।
আলোচনায় দৈনিক কিশোরগঞ্জ ও দৈনিক আমাদের সময়ের নিকলী প্রতিনিধি কলেজের সাত শতাধিক ছাত্রীর জন্য কমনরুম এবং ছাত্রীদের বিশেষ ও জরুরি প্রয়োজনে সহায়তার জন্য নারী কর্মচারী নিয়োগের বিষয়ে জানতে চান। অভিযোগ রয়েছে, এ প্রশ্নে ক্ষুব্ধ হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস ওই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।
ঘটনাটি দেখে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ধমক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কলেজের শিক্ষক-কর্মচারীদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রভাষকদের বৈরী আচরণের শিকার হতে হয়। কলেজের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আর্থিক কার্যক্রম মেয়াদোত্তীর্ণ অভ্যন্তরীণ কমিটির মাধ্যমে পরিচালনা করার অভিযোগও রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, কলেজের সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নকাজ তাঁর ইচ্ছানুযায়ী বাস্তবায়ন করা হয়। অথচ সাত শতাধিক ছাত্রীর জন্য পৃথক কমনরুম ও খেলাধুলার সরঞ্জামের ব্যবস্থা নেই। কলেজের একটি নতুন ভবন নিজের বাসস্থান হিসেবে ব্যবহারের জন্য দুই লাখ টাকার বেশি ব্যয় করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। পরে ওই ভবনে ছাত্রী কমনরুমের সাইনবোর্ড টাঙিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। বর্তমানে ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কলেজ সূত্রে জানা যায়, ২০২০ সালে অধ্যক্ষ মাহমুদা পারভীনের মৃত্যুর পর তৎকালীন সংসদ সদস্য আফজাল হোসেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দীপক কুমার বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এরপর কলেজের প্রভাষকদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। গত ইউনূস সরকারের সময়ে একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা কলেজের পূর্ণাঙ্গ অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। চলতি বছরের কয়েক মাস আগে বদলিজনিত কারণে তিনি চলে গেলে দীপক কুমার বিশ্বাস পুনরায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন। এরপর থেকে কলেজ পরিচালনায় আবারও আগের পরিস্থিতি ফিরে আসে বলে অভিযোগ শিক্ষক-কর্মচারীদের।
তাঁদের অভিযোগ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে একমত না হলে অনেক প্রভাষককে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে নয়জন শিক্ষক ও সাতজন শিক্ষার্থী নিয়ে আলোচনা সভা আয়োজনের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল কলেজটির প্রতি নজর দেন এবং সেখানে চলমান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে খোঁজখবর নেন।
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের অভিযোগ, কলেজের অনিয়মের বিষয়গুলো আড়াল করতে নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধনের আয়োজন করা হয়েছে। তাঁদের দাবি, ভবনটি আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেওয়া হয়েছিল এবং সেখানে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালু ছিল। এ অবস্থায় নতুন করে উদ্বোধনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ ছাড়া দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর দীপক কুমার বিশ্বাস উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ সভা ও সেমিনারে নিয়মিত উপস্থিত হন না বলে অভিযোগ রয়েছে। কোনো কোনো সভায় তাঁর ঘনিষ্ঠ প্রভাষকদের প্রতিনিধি হিসেবে পাঠানো হয় বলেও জানা গেছে।
এসব অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।