কলমাকান্দায় মনোহারি দোকানে অগ্নিকাণ্ড
সারাদেশ · 2026-11-28T07:19:04.000000Z · স্টাফ রিপোর্টার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আমগড়া বাজারে ‘মা ভ্যারাইটিস স্টোর’ নামে একটি মনোহারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের মালামাল পুড়ে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক।
গত ২৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে দেড়টার মধ্যে রংছাতি ইউনিয়নের আমগড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের নৈশপ্রহরী আবুল কাসেম প্রথম দোকানটিতে আগুন দেখতে পান। পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দোকানের পাশের গুদামঘরে ঘুমিয়ে ছিলেন কর্মচারী আশিক। তিনিও নৈশপ্রহরীর ডাক শুনে ঘুম থেকে উঠে দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দোকানমালিক সুজন মিয়া (৪৫) আমগড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত হাফিজ উদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত পৌনে ২টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে বাজারে আসেন। স্থানীয়দের সহযোগিতায় দোকানের শাটার খুলে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
সুজন মিয়ার অভিযোগ, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দোকানের সামনের এক পাশের কোণা দিয়ে শাটারের নিচে বাঁশের কঞ্চির সঙ্গে কাপড় পেঁচিয়ে তাতে পেট্রোল মিশিয়ে আগুন ধরিয়ে দেয়। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
স্থানীয়রা জানান, দোকানঘরের পাশেই রয়েছে একটি বৈদ্যুতিক খুঁটি ও তিনটি ট্রান্সফরমার। এ ছাড়া দোকানের ভেতরে পেট্রোলভর্তি ড্রামও ছিল। আগুনে দোকানের বিভিন্ন খাদ্যসামগ্রী ও অন্যান্য পণ্য পুড়ে নষ্ট হয়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তাঁরা।
খবর পেয়ে শুক্রবার সকালে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জুনায়েদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
তবে দোকানে আগুন লাগার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।