শ্রীমঙ্গলের সময়

হাসনাতের আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রী যা উত্তর দিলেন

জাতীয় · 2026-11-09T15:12:00.000000Z · ডেস্ক রিপোর্ট

জাতীয় সংসদে প্রায় আড়াই মিনিটের বক্তব্যে দেশের রাজস্ব আদায়, মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি খাতে ঋণ বিতরণ ও কর্মসংস্থানের পরিস্থিতি তুলে ধরেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতির অভিযোগ ও সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির অগ্রগতি জানতে চান তিনি। জবাবে বিস্তারিত তথ্য পেতে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের দুর্নীতির অভিযোগ, সমবায়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ তৈরির অগ্রগতি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। প্রায় আড়াই মিনিটের বক্তব্যে দেশের অর্থনীতির বিভিন্ন সূচক তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে এসব বিষয়ে জানতে চান তিনি। জবাবে বিস্তারিত প্রশ্ন লিখিতভাবে দেওয়ার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এসব প্রশ্ন করেন হাসনাত আব্দুল্লাহ।

প্রশ্নের শুরুতে দেশের রাজস্ব আদায়ের পরিস্থিতি তুলে ধরেন তিনি। হাসনাত বলেন, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রার বিপরীতে ৪ লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। তবে এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে ১ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে।

মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির প্রসঙ্গে হাসনাত বলেন, বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী বছর শেষে তা ১১ শতাংশে পৌঁছাতে পারে। অন্যদিকে, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ ধরা হলেও আইএমএফের পূর্বাভাসে তা ৩ দশমিক ২ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে। পরের বছর প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ২ শতাংশ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

বেসরকারি খাতে ঋণ বিতরণের পরিস্থিতি তুলে ধরে সংসদ সদস্য বলেন, গত তিন দশকের মধ্যে এ খাতে ঋণ বিতরণের হার সবচেয়ে কমে ৩ দশমিক ৪২ শতাংশে নেমেছে। তাঁর দাবি, বেসরকারি খাতে কার্যত ঋণ বিতরণ হচ্ছে না।

কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তিনি বলেন, ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও এখন পর্যন্ত প্রকৃতপক্ষে কত কর্মসংস্থান হয়েছে, তার তথ্য জানা যায়নি। বরং কর্মসংস্থান বাড়ার পরিবর্তে ৩৫ শতাংশ কমেছে বলে উল্লেখ করেন তিনি।

এরপর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্দেশে হাসনাত ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ‘একটি বাড়ি একটি খামার’ নামে পরিচিত প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘আমার বাড়ি আমার খামার’ রাখা হয়। প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত জানতে চান, সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি এবং কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের উদ্যোগে কতসংখ্যক নতুন কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হয়েছে, যারা জাতীয় জিডিপিতে অবদান রাখছে। পাশাপাশি প্রকল্পের দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেসব মামলার বিচার কোন পর্যায়ে রয়েছে, সে তথ্যও চান তিনি।

জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংসদ সদস্য বিস্তারিত একটি নোটিশ দিলে বিষয়গুলো নিয়ে তথ্য উপস্থাপন করতে তাঁর সুবিধা হবে। তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে একসঙ্গে প্রশ্ন করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে আলাদা আলাদা নোটিশ দিলে তিনি বিস্তারিত উত্তর সংসদে পাবেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত