চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার ও মালিকদের হস্তান্তর
সারাদেশ · 2026-11-12T10:14:07.000000Z · সিনিয়র রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে হারিয়ে যাওয়া ২২টি অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের হারিয়ে যাওয়া সম্পদ উদ্ধারে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্বের মাধ্যমে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রতিটি মানুষের কাছে তার ব্যবহৃত মোবাইল ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের অভিযোগ পাওয়ার পর পুলিশ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করে। ভবিষ্যতেও জনগণের সেবা ও আস্থা অর্জনে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন, মোবাইল ফোন উদ্ধারে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। এ জন্য তিনি উদ্ধারকাজে সম্পৃক্ত সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান।মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা।জেলা পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ২২টি মোবাইল ফোনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ১৪টি, শিবগঞ্জ থানা ২টি এবং নাচোল থানা ৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে।দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া সাধের মোবাইল ফোনটি ফিরে পেয়ে চরম স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন প্রকৃত মালিকরা। এ সময় তাঁরা জেলা পুলিশ ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। জনগণের নিরাপত্তা বিধানের পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে জেলা পুলিশের এমন জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।