শ্রীমঙ্গলের সময়

কোনো দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়া যায় না : প্রিন্স

সারাদেশ · 2026-11-09T13:11:58.000000Z · স্টাফ রিপোর্টার

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার দাবি মামা বাড়ির আবদার। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গণহত্যায় দণ্ডিত শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফেরত দিতে হবে। কোনো দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়া যায় না। সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 সমাবেশে‌ এমরান সালেহ প্রিন্স বলেন, পলাতক আওয়ামী লীগ ভিনদেশি আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস। পটকা ফুটিয়ে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে দেশবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। বাংলাদেশের জনগণ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস সৃষ্টি করেছে। এই জনগণ কোনো আধিপত্য, আগ্রাসন কিংবা পরাভব মেনে নেবে না। তিনি প্রশাসনের প্রতি ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এরা দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র করছে। তিনি নেতাকর্মীদের প্রতি পাড়ায় মহল্লায় ফ্যাসিস্টদের দোসরদের গতিবিধি পর্যবেক্ষণ করে জনগণকে সাথে নিয়ে তাদের চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানান। শেখ হাসিনার কঠোর সমালোচনা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনা গণ অভ্যুত্থানের আগে বলেছিলেন, তিনি পালাবেন না।

 কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন আবার বলছেন, তিনি দেশে ফিরে আসবেন। অতীতে বহুবার প্রমাণ হয়েছে- তিনি যা বলেন, বাস্তবে তার উল্টো কাজ করেন। তিনি ফিরবেন না, তবে ফিরে আসার কথা বলে, তাদের পালাতক নেতাকর্মীদের গর্ত থেকে বের করে এনে দেশে বিশৃঙ্খলা ও নাশকতা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংহতি ও দেশপ্রেমের এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। এই দিনটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা পুনর্জাগরণের ঐতিহাসিক অধ্যায়। 

বাংলাদেশে ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর মতোই ৭ নভেম্বর ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। তিনি বলেন, এই দিবসকে যারা ম্লান করতে চায়, তারা আধিপত্যবাদের দোসর, তারা দেশের সার্বভৌমত্বকে আধিপত্যবাদের খাঁচায় বন্দী রাখতে চায়। আওয়ামী লীগ ৭ নভেম্বরকে ভয় পায়, যে কারণে তারা যতবার ক্ষমতায় এসেছে, ততবারই ৭ নভেম্বর বাতিল করেছে। এবার জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগকেই বাতিল করে দিয়েছে। 

তারা গণহত্যা চালিয়ে দুই সহস্রাধিক মায়ের বুক খালি করলেও ক্ষমা চাওয়া দূরের কথা, অনুশোচনা পর্যন্ত নাই, তাদেরকে জনগণ আর ক্ষমা করবে না। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই এখন আমাদের প্রধান দায়িত্ব। মানুষের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমুল্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠন করছেন।

 ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ইউনিয়ন বিএনপির আহবায়ক, সদস্য সচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত মিছিল অনুষ্ঠিত হয়। 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি ধোবাউড়া উপজেলা চত্বরে মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া বাজারে বিএনপি কার্যালয়ে যেয়ে শেষ হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত