শ্রীমঙ্গলের সময়

এসপির আশ্বাসে ময়মনসিংহে অনশন প্রত্যাহার করলেন ছাত্র আন্দোলনের নেতারা

সারাদেশ · 2026-11-09T13:13:47.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুরু করা আমরণ অনশন প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তারা অনশন প্রত্যাহার করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক সদস্যসচিব আলী হোসেন জানান, পুলিশ সুপার তাদের আশ্বাস দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব না হলে তারা পুলিশ সুপারের কার্যালয়ের বারান্দায় গিয়ে পুনরায় অনশনে বসবেন।

এর আগে গত রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ভোর ৪টা থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

অনশনরত নেতারা অভিযোগ করেন, শহীদদের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা শুধু একটি স্থাপনায় হামলা নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতাকর্মীদের নিরাপত্তার জন্যও হুমকি। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের তৎপরতা দেখা গেছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার স্মৃতি ধরে রাখতে আন্দোলনকারীরা ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করেন এবং সেখানে তার ছবি সংবলিত স্টিলের স্মৃতিফলক স্থাপন করেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত