শ্রীমঙ্গলের সময়

দীর্ঘ ৮ বছর পর দেশের ৫ জেলার ২৩০ চা বাগানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

সিলেটের খবর · 2026-11-28T06:35:19.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের ১৩৫টিসহ দেশের পাঁচ জেলা—মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটির ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সারা দেশের ২৩০টি চা বাগানের মোট ১ লাখ ৪৮ জন শ্রমিক তিনটি ব্যালটে (কেন্দ্রীয়, ভ্যালি ও পঞ্চায়েত কমিটি) ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে সর্বাধিক মৌলভীবাজারের ১৩৫টি বাগানে ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন এবং শ্রীমঙ্গলের ৪০টি বাগানে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন শ্রমিক ভোট দিচ্ছেন।সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী ও পুরুষ চা শ্রমিকরা উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রীমঙ্গলের লেবার হাউজে অবস্থান করে নির্বাচন তদারকি করছেন প্রধান নির্বাচন কমিশনার ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী।উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন এই নির্বাচন হয়েছিল। জটিলতার কারণে ২০২১ ও ২০২৪ সালের নির্বাচন স্থগিত থাকায় দীর্ঘ আট বছর পর এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।এবার কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।• সভাপতিমণ্ডলীর প্যানেল-১: সভাপতি পদে শ্রীমঙ্গলের লাখাইছড়া বাগানের পংকজ কন্দ, কার্যকরী সভাপতি পদে কমলগঞ্জের নির্মল পাইনকা, সহসভাপতি পদে রাজনগরের জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে চুনারুঘাটের সুভদ্রা মুন্ডা লড়ছেন।• সভাপতিমণ্ডলীর প্যানেল-২: সভাপতি পদে সিলেটের লাক্কাতুরা বাগানের রাজু গোয়ালা, কার্যকরী সভাপতি পদে কুলাউড়ার মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে শ্রীমঙ্গলের মিঠুন সিং রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে শিমুল কর্মকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।• সম্পাদকমণ্ডলীর তিন প্যানেল: প্যানেল-১ থেকে সাধারণ সম্পাদক পদে চুনারুঘাটের নিপেন পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জের এস এম হারুনুর রশিদ; প্যানেল-২ থেকে সাধারণ সম্পাদক পদে চুনারুঘাটের মকেশ কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জের সনজয় চৌহান এবং প্যানেল-৩ থেকে সাধারণ সম্পাদক পদে শ্রীমঙ্গলের পরেশ কালেন্দি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জের ধনা বাউরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে কেন্দ্রীয় কমিটির এই পদগুলোর সঙ্গে দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জনকে অন্তর্ভুক্ত করে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হবে। একই দিনে সাতটি ভ্যালি এবং ২৩০টি বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে, যেখানে সারা দেশে প্রায় ৬২০টি প্যানেলে সাত হাজারের বেশি প্রার্থী লড়ছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত