শ্রীমঙ্গলের সময়

ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে প্রশাসনের অভিযান

সারাদেশ · 2026-11-28T07:17:58.000000Z · স্টাফ রিপোর্টার

 শেরপুরের ঝিনাইগাতীতে ধানের বীজ অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে বীজ ডিলার ও ব্যবসায়ীদের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে এবং একজন বীজ ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ধানের বীজ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকানগুলোতে তদারকি করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০১৮ সালের সংশ্লিষ্ট আইনে একজন বীজ ডিলারকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে কৃষকদের ক্যাশ মেমো ছাড়া বীজ না কেনার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে ডিলার ও ব্যবসায়ীদের ক্যাশ মেমো ছাড়া বীজ বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং বীজের বাজারমূল্য নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত