শ্রীমঙ্গলের সময়

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন

জাতীয় · 2026-10-28T06:25:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর রাত থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে। এতে দেশের ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় নতুন করে বৃষ্টিবলয়ের প্রভাব পড়তে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, ২৭ অক্টোবর রাত থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে। তবে দেশের সব এলাকায় বৃষ্টি হবে না; গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ পূর্বাভাস জানিয়েছে সংস্থাটি। ইউরোপিয়ান মডেল পূর্বাভাস (ইসিএমডব্লিউএফ) উল্লেখ করে সংস্থাটি জানিয়েছে, বৃষ্টিবলয় চলাকালে দেশের অধিকাংশ এলাকার আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে। এতে রোদের পরিমাণ কমার পাশাপাশি গরমও উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা: পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সময় দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। এ কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, এই বৃষ্টিবলয়ের কারণে দেশের কোথাও বন্যা বা পাহাড়ধসের আশঙ্কা নেই।

কোন বিভাগে কত বৃষ্টি হতে পারে: বিভাগভিত্তিক পূর্বাভাসে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে রংপুর বিভাগে। এ বিভাগে গড়ে ৫০ থেকে ৮০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগে ৪০ থেকে ৬০ মিলিমিটার এবং খুলনা বিভাগে ৪০ থেকে ৫৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগে গড়ে ৩০ থেকে ৫০ মিলিমিটার, বরিশাল বিভাগে ৩০ থেকে ৪৫ মিলিমিটার এবং ময়মনসিংহ বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২০ থেকে ৩৫ মিলিমিটার এবং সিলেট বিভাগে ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

জেলাভিত্তিক পূর্বাভাসে রংপুর বিভাগের গাইবান্ধা ও পঞ্চগড়ে সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জে ৭৫ মিলিমিটার এবং জয়পুরহাটে ৭০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের সাতক্ষীরার দক্ষিণ অংশে ৭০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জে ৫০ মিলিমিটার, ফরিদপুরে ৪৫ মিলিমিটার এবং ঢাকা ও গাজীপুরে ৪০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। নারায়ণগঞ্জে ২৫ মিলিমিটার এবং নরসিংদী ও টাঙ্গাইলে ২০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগে পিরোজপুরের দক্ষিণ অংশে ৩৬ মিলিমিটার এবং ভোলার দক্ষিণ অংশে ৩৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগে জামালপুর ও শেরপুরে ৩০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগে সন্দ্বীপে ৩৫ মিলিমিটার এবং কক্সবাজারের দক্ষিণ অংশে ৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে সিলেটে ২৫ মিলিমিটার এবং হবিগঞ্জ ও সুনামগঞ্জে ১৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা উল্লেখ করা হয়েছে।

বৃষ্টিবলয়ের প্রভাব অঞ্চলভেদে ভিন্ন হতে পারে। কোথাও মাঝেমধ্যে বৃষ্টি, কোথাও আকস্মিক বৃষ্টি এবং কোনো কোনো এলাকায় বৃষ্টির শেষ দিকে একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত