সিরিঞ্জ দিয়ে রক্ত নিলে কি অজু ভেঙে যায়?
জাতীয় · 2026-10-28T06:01:46.000000Z · মেইল ডেস্ক
ইসলামে নামাজ আদায়ের জন্য পবিত্রতা অর্জন করা অপরিহার্য। নামাজের আগে অজু করা সেই পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম। তবে দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে শরীর থেকে রক্ত বের হলে অজু থাকবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়।
বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে রক্ত পরীক্ষা, ডায়াবেটিসের মাত্রা নির্ণয় কিংবা অন্য কোনো কারণে সিরিঞ্জ দিয়ে শরীর থেকে রক্ত নেওয়ার পর অজু ভেঙে যায় কি না, তা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন। এ অবস্থায় নতুন করে অজু করতে হবে, নাকি আগের অজুতেই নামাজ আদায় করা যাবে, তা জানা প্রয়োজন।
ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী, শরীর থেকে রক্ত বের হওয়ার পরিমাণের ওপর এ ক্ষেত্রে অজু ভাঙা না ভাঙার বিষয়টি নির্ভর করে।
এ বিষয়ে ঢাকা থেকে প্রকাশিত ইসলামী গবেষণা পত্রিকা মাসিক আল কাউসারে বলা হয়েছে, শরীরের যে কোনো স্থান থেকে এমন পরিমাণ রক্ত বের হলে, যা গড়িয়ে পড়ার মতো, তাহলে অজু নষ্ট হয়ে যায়। রক্ত বের হওয়ার পর তা বাস্তবে গড়িয়ে না পড়লেও যদি গড়িয়ে পড়ার মতো পরিমাণে বের হয়, তাহলেও অজু ভেঙে যাবে। অর্থাৎ, রক্ত শরীরের বাইরে বের হওয়ার পরিমাণ বিবেচনা করা হবে।
সে হিসাবে, সিরিঞ্জ দিয়ে রক্ত নেওয়ার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। সিরিঞ্জের মাধ্যমে এমন পরিমাণ রক্ত বের করা হলে, যা স্বাভাবিক অবস্থায় বের হলে গড়িয়ে পড়ত, তাহলে অজু ভেঙে যাবে। এ অবস্থায় নামাজ আদায়ের আগে নতুন করে অজু করতে হবে। অন্যদিকে, রক্তের পরিমাণ যদি এত কম হয় যে তা গড়িয়ে পড়ার মতো নয়, তাহলে এ কারণে অজু ভাঙবে না।
তথ্যসূত্র: ফাতাওয়া হিন্দিয়া: ১/১১, রদ্দুল মুহতার: ১/১৩৪, আলমুহীতুল বুরহানী: ১/১৯৭।