টিকিট জালিয়াতি ও যাত্রী হয়রানি; প্রতিবাদ করায় চরম দুর্ব্যবহার
সারাদেশ · 2026-11-10T11:04:40.000000Z · স্টাফ রিপোর্টার
বকশীগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ‘যমুনা বাস সার্ভিস-এর বিরুদ্ধে টিকিট জালিয়াতি ও যাত্রী হয়রানির চরম অভিযোগ উঠেছে। দুই দিন আগে অগ্রিম টিকিট কেটেও সিট না পাওয়া, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং প্রতিবাদ করায় চালক ও সহকারীদের দুর্ব্যবহারের শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ভুক্তভোগীরা। বকশীগঞ্জ থেকে ঢাকাগামী দূরপাল্লার পরিবহন 'যমুনা বাস সার্ভিস' নামেই শুধু দূরপাল্লার সার্ভিস, কিন্তু ভেতরের চিত্র যেন লোকাল বাসের চেয়েও ভয়াবহ। এই বাসে দুজনের সিটে জোরপূর্বক বসানো হচ্ছে চারজন করে যাত্রী। এমনকি দুই দিন আগে অগ্রিম সিট বুকিং দিয়েও অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে দাঁড়িয়ে।
টিকিট জালিয়াতি ও সিট না পাওয়ার প্রতিবাদ করলেই কন্ডাকটর এবং হেলপার শাহীনের আচরণের মুখোমুখি হতে হয় যাত্রীদের। নাম জিজ্ঞেস করলে চোখ রাঙিয়ে যাচ্ছেতাই আপত্তিকর ঘটনাও ঘটছে নিয়মিত। গতকাল এক যাত্রীর সঙ্গে ঘটে অন্যরকম ঘটনা। গতকাল বিকেল ৪টার বাসে এক যাত্রী দুই দিন আগে টিকিট কাটেন। তিনি বাসে উঠে দেখেন তার সিটে দুই বাচ্চাসহ অন্য এক বৃদ্ধ মহিলা বসা। কাউন্টারে বিষয়টি জানালে তারা তাকে অবহেলার সুরে বলেন, আপনি অন্যকোনো একটা সিট খুঁজে নেন। এর মধ্যেই বাস ছেড়ে দেয়।
প্রথম দিকে পাশের সিটের মহিলা তার দুই পায়ের ওপর ঠেস দিয়ে দুই বাচ্চাসহ কিছুদূর যায়। তারপর বাচ্চা দুটির একজন মহিলার ডান পাশে, অপরজন ভুক্তভোগী যাত্রীর পাশ ঘেঁষে প্রায় কোলে বসে ঘুমিয়ে পড়ে। হেলপার-সুপারভাইজর ডেকে প্রতিবাদ করায় হেলপার শাহীন ওই যাত্রীর সাথে চরম দুর্ব্যবহার শুরু করে। হেলপারের নাম জিজ্ঞেস করায় সে ঔদ্ধত্যমূলক আচরণ করে।
সে বলে, ‘আমার নাম দিয়ে আপনার কাম কি। একটু মিলেমিশে গেলেই তো হয়।’ ওই সময় যাত্রী বলেন, মিলেমিশে দুই-চার-দশ-বিশ কিলোমিটার যাওয়া যায় কিন্তু প্রায় ৩০০ কিলো রাস্তা এভাবে যাওয়া কি সম্ভব? তখনই সে আরো ক্ষিপ্ত হয়ে সবযাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে।’ ছবি তুলতে গেলে সে বলে, ‘তুলেন বেশি করে। যান! যা করার করেন গিয়ে। তা ছাড়া নিয়মনীতির তোয়াক্কা না করে পুরো রাস্তায় যত্রতত্র বাস থামিয়ে তোলা হচ্ছে লোকাল যাত্রী।
অথচ মাত্র এক মিনিট দেরি হওয়ার অজুহাতে অগ্রিম টিকিটধারী যাত্রীকে ফেলে রেখে বাস চলে যাওয়ার মতো দায়িত্বজ্ঞানহীন ঘটনাও ঘটিয়েছে এই পরিবহনটি।’ বুকিং করা সিট চড়া দামে লোকাল যাত্রীদের কাছে বিক্রি করার এই সিন্ডিকেটের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যাত্রী হয়রানি বন্ধে পরিবহন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি ভুক্তভোগীদের।
উল্লেখ্য, কয়েকদিন আগে একই পরিবহনের একটি বাস মারাত্মক এক্সিডেন্ট করে বাসের সুপারভাইজার পাখি ভাইসহ দুজন নিহত এবং অনেক যাত্রী মারাত্মকভাবে আহত হয়ে পঙ্গত্বরবণ করেন। ভোর ৪টার বাসে আরও মারাত্মক অভিযোগ যাত্রীদের। লোকাল শহর ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেকেই হেঁটে বাসের গন্তব্যে পৌঁছান। ওই সময় কোনো যানবাহন কিংবা জনসমাগম থাকে না। হেঁটে আসা ছাড়া বিকল্প পথ নেই।
ব্যাগ অ্যান্ড ব্যাগেজসহ সব যাত্রী সময়মতো পৌঁছতে আপ্রাণ চেষ্টা করেন। বাস স্টপেজ থেকে তাদের কাছে রিকশা-ভ্যান কিংবা অটো পাঠিয়ে সহযোগিতা চাইলে তারা কর্ণপাত করেন না। কারণ বাসটি কোনোভাবে চলে গেলেই তাদের পোয়াবারো। কখনো কখনো ২-৪ মিনিট দেরি হয়ে যায়। তখন বাসের কর্তারা সময় গুনতে থাকেন ৪টা বাজার। আর সে সুযোগে বাস নিয়ে চম্পট দেয় তারা। ওই বাসের টিকিট নগদ টাকায় অগ্রিম নিতে হয় যাত্রীদের।
টাকা অগ্রিম পাওয়ায় যাত্রীদের তুয়াক্কা করেন না। সুপারভার বলে, সকালের সব যাত্রীকে নিতে গেলে এরকম বাস দুইটা লাগব। এজন্যই তো যারা দেরি তাদের ফেলে আসি।’ তারা যাত্রী ফেলে চলে গেলে তো তাদেরই লাভ। রাস্তা থেকে অন্য যাত্রী নিয়ে আগের বিক্রি করা সিট আবার বিক্রি করে লাভবান হন। বাসযাত্রীদেরকে নিয়ে তাদের এমন অবহেলা করা নিত্যদিনের ঘটনা। স্থানীয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বসহকারে নজরে আনার জন্য সাধারণ যাত্রীরা অনুরোধ করেছেন।