শ্রীমঙ্গলের সময়

কিশোর ওসমান হত্যা: ৩ বছরেও হয়নি বিচার, আসামির মুক্তিতে আতঙ্কে পরিবার

সারাদেশ · 2026-11-10T12:07:35.000000Z · সিনিয়র রিপোর্টার


​নোয়াখালীর চাটখিল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে নির্মমভাবে প্রাণ হারায় ১৫ বছর বয়সী কিশোর ওসমান গণি। এই হৃদয়বিদারক হত্যাকাণ্ডের তিন বছরের বেশি সময় পার হয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচারকাজ। তদন্ত কর্মকর্তা ও চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ বাকি থাকায় বিচারপ্রক্রিয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। অন্যদিকে, মূল আসামি আদালত থেকে জামিন পেয়ে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে নিহতের পরিবার।
​তুচ্ছ ঘটনা থেকে নির্মম হত্যাকাণ্ড​২০২৩ সালের ৯ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে চাটখিলের ৪ নম্বর বদলকোট ইউনিয়নের মানিকপুর গ্রামের সিরাজ মিয়ার উঠানে ঘটনাটির সূত্রপাত। স্থানীয় সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ওসমান গণি বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে বলটি জোরে কিক করলে পাশের এক ভবনের ছাদে গিয়ে পড়ে। এ নিয়ে প্রতিবেশী মো. মন্টু (৩২) ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কাঠের বাটাম দিয়ে ওসমানের মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করে।
​গুরুতর আহত ওসমানকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জুলাই তার মৃত্যু হয়।​বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও মায়ের আকুতি​ঘটনার পরপরই নিহতের মা উম্মে হানি রুমা বাদী হয়ে চাটখিল থানায় মামলা (নম্বর: ৫৮২, দণ্ডবিধি ৩২৫, ৩০৭ ও ৩০৬ ধারা) দায়ের করেন, যা বর্তমানে দায়রা মামলা ৯৪১/২০২৪ হিসেবে বিচারাধীন।
​সন্তান হারানোর বিচার চেয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন মা উম্মে হানি রুমা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন:​"এই মামলার বিচার পেতে আমাকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে। সাক্ষীদের একে একে আদালতে হাজির করার পরও একের পর এক তারিখ পড়েছে। কখনও বিচারক না থাকার দোহাই দিয়ে ঘুরানো হয়েছে। এখন মাত্র দুজন সাক্ষীর—তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীর ও ডা. এম মহিউদ্দিনের সাক্ষ্য বাকি। আমি রাষ্ট্রের কাছে আমার সন্তান হত্যার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ আসামির ফাঁসি চাই।"​হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ হিসেবে তিনি আরও জানান, পূর্বে বাড়ি নির্মাণের সময় মালামাল পরিবহনে মন্টুর গাড়ি ভাড়া না নেওয়াতেই সে পূর্বআক্রোশ থেকে এ ঘটনা ঘটিয়েছে।​প্রকাশ্যে আসামি, বোন ও পরিবারের চোখে চরম আতঙ্ক​আসামি মন্টু আদালতে আত্মসমর্পণের পর জামিনে মুক্ত হয়ে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি সদস্য বিপ্লব মেম্বারসহ প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় সে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে।​ওসমানের বোন জান্নাতুল মাওয়া মাশপি আতঙ্কের কথা জানিয়ে বলে:​"স্কুলে যাওয়ার পথে প্রায়ই মন্টুর সঙ্গে দেখা হয়। সে এমন আক্রমণাত্মক দৃষ্টিতে তাকায় যে মনে হয় যেকোনো সময় আমার ক্ষতি করবে। সে নিজে ইয়াবা সেবন করে এবং এর কারবারে জড়িত। তার ভয়ে আমি স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারছি না, আমার লেখাপড়াও আজ হুমকির মুখে।"​মামলার ৮ নম্বর সাক্ষী জিল্লুর রহমান বলেন, "আমি এক বছর আগেই সাক্ষ্য দিয়েছি। মন্টু যে ওসমানকে হত্যা করেছে তা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু সে কীভাবে জামিনে ঘুরে বেড়ায়, তা আমাদের বোধগম্য নয়।"​প্রবাসী বাবার কান্না ও এলাকার মানুষের ক্ষোভ​জীবিকার তাগিদে প্রবাসে থাকা ওসমানের বাবা মিজানুর রহমান দূর পরবাসে বসেই বয়ে বেড়াচ্ছেন সন্তান হারানোর সান্ত্বনাহীন কষ্ট। এদিকে স্থানীয় বাসিন্দারাও এই হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া এবং আসামি জামিনে মুক্ত হয়ে দাপিয়ে বেড়ানো নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।​একটি কিশোর হত্যার বিচারে কেন বছরের পর বছর অপেক্ষা করতে হবে—এ প্রশ্ন এখন চাটখিলের প্রতিটি সচেতন মানুষের। নিহতের স্বজনদের একটাই দাবি: দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত