গোবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত
সারাদেশ · 2026-11-10T12:17:48.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বর্ণাঢ্য ও নানামুখী আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ছিল—‘একাউন্টটিং ফর গুড গভর্নেন্স’ (সুশাসনের জন্য হিসাববিজ্ঞান)।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, প্রক্টর ড. এস এম আহসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব। এছাড়া এআইএস বিভাগের সভাপতি মো. রবিউল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে এআইএস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এক বিশেষ অনলাইন সেমিনারে অংশ নেন। সেমিনারে বক্তারা দেশে সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বলেন, "প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ ও নীতিবান হিসাববিদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১টায় কেক কেটে দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খসরুল আলম বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কেক কাটেন।