ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
সারাদেশ · 2026-11-10T11:05:57.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আকস্মিক এই ঘটনার কারণে স্থানীয় বাসিন্দা এবং পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার বৈলর মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে।
সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখা যায়, ৭ থেকে ৮ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী মহাসড়কের একটি লেনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। এসমময় একটি সড়কের একটি লেন দিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। তবে, যে লেনে আগুন জ্বালিয়েছে ওই লেনে একটি ট্রাক আটকে রাখতে দেখা যায়।
এছাড়া থ্রী-হুইলার ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির কয়েকজন নেতাকর্মী বৈলর মোড় এলাকায় জড়ো হয়ে আকস্মিক একটি মিছিল বের করেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে দেন এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকেন।
ব্যস্ততম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের কারণে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আশপাশের মানুষজন দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন। ঘটনাস্থলের এক প্রত্যক্ষদর্শী বাসিন্দা জানান, সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পাই কয়েকজন ছেলে গাড়ি থামিয়ে রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে। ঘটনাটি সকাল ৭টার দিকের।
এমন পরিস্থিতি দেখে ভয়ে আমি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ার পর প্রশাসনের নজরে এসেছে। ভিডিওতে থাকা ব্যক্তিদের চেহারা শনাক্তের কাজ চলছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।