শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে বিএনপির নেতার মামলা: আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতাকর্মী আসামি

সারাদেশ · 2026-11-15T17:07:49.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জের মুকসুদপুরে নাশকতার পরিকল্পনা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
​শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ। তিনি উপজেলার টেংরাখোলা গ্রামের কামাল শরীফের ছেলে।
​রোববার (১৫ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে বাদী আব্দুল কাইয়ূম শরীফ মুকসুদপুর সদর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মুকসুদপুর সরকারি কলেজের সামনে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী ঘোষিত কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
​এ সময় খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তারা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত আকিজ জুট মিলের দিকে চলে যায়। বাদীও তাদের পিছু নিয়ে জুট মিলের দিকে এগিয়ে যান। পরবর্তীতে পুলিশের অপর একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি এলে তারা জুট মিলের অপর পাশে দাসেরহাট সড়কের মুখে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে।
​এ ঘটনায় শনিবার দুপুরে মুকসুদপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
​মামলার বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি সফল করার নামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করায় বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত