গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রকাশ্য মিছিল ও ভাঙচুর, পুলিশের এপিসি ও জুলাই স্মৃতিস্তম্ভে হামলা
সারাদেশ · 2026-11-15T15:20:09.000000Z · মোঃ সাইফুল ইসলাম
দীর্ঘদিন কার্যক্রম নিষিদ্ধ থাকার পর গোপালগঞ্জ শহরে প্রকাশ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিষিদ্ধ ঘোষণার পর জেলায় এটিই দলটির প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচি। এ সময় নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং মিছিল থেকে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।আজ রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন সড়কে এই মিছিল বের করা হয়। দুপুর ২টার দিকে নেতাকর্মীরা কর্মসূচি শেষ করেন।
যেভাবে জড়ো হয় নেতাকর্মীরা
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে শুরু করেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এছাড়া মাঝিগাতী, কাঠি ও কাজুলিয়া ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা বেদগ্রাম দিয়ে এবং শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে আরও কয়েকটি মিছিল বের হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে একীভূত হয় এবং ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে উল্লাস প্রকাশ করে।
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
মিছিলটি চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর মধ্যে রয়েছে:জুলাই স্মৃতিস্তম্ভ ও চত্বর: গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ এবং গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান গেটের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। হাদি চত্বরে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা: মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা পুলিশের এপিসির (আর্মড পার্সোনাল ক্যারিয়ার) ওপর দাঁড়িয়ে স্লোগান দেন। এ সময় এপিসির পেছনের লুকিং গ্লাস, পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করা হয় এবং এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় শেখ হাসিনা’ লিখে দেওয়া হয়।
অন্যান্য হামলা: পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ, প্রেসক্লাব এবং কাশফুল রেস্টুরেন্টের সামনের সড়কে থাকা বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে সড়কে টায়ার ও কাঠ-বাঁশ জ্বেলে আগুন দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এ ছাড়া শহরের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও প্রেসক্লাবে হামলার ঘটনা ঘটে।
এই কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
বিজিবির প্রেস ব্রিফিং
উদ্ভূত পরিস্থিতিতে রোববার বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করেন বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান।
তিনি জানান, গত ১০ নভেম্বর ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং আজ রোববার নতুন করে আরও ৩ প্লাটুনসহ মোট ৬ প্ল্যাটুন (১৫0 জন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।তিনি আরও বলেন, “রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে দুই হাজার মানুষ ঘেরাওয়ের মতো পরিস্থিতি তৈরি করে নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করেছিল। অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
পুলিশের প্রেস ব্রিফিং
পরে ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন।
তিনি দাবি করেন, পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্যসহ এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছিল। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে থাকায় এক মিনিটের জন্যও ন্যাশনাল হাইওয়ে বন্ধ হয়নি।
ডিআইজি মোস্তাফিজুর রহমান আরও বলেন, “জেলা সদর ছাড়াও জেলার বাকি চারটি পৌরসভা ও উপজেলা শহরে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করে সাধারণ জনগণ ও সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জে কোনো ধরনের বড় ক্ষতি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা অর্পিত দায়িত্ব পালন করেছি। জনগণের জানমাল রক্ষায় আমাদের নিরাপত্তা পরিকল্পনা নিয়মিত পর্যালোচনা করে তা জোরদার করা হচ্ছে।”