কুলাউড়ায় সৌদি প্রবাসীর ঘরে একসঙ্গে ৪ কন্যাসন্তানের জন্ম, এলাকায় উৎসবের আমেজ
সিলেটের খবর · 2026-11-27T17:47:59.000000Z · প্রতিবেদক, কুলাউড়া
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘর আলোকিত করে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম হয়েছে। বিরল ও আনন্দঘন এই ঘটনায় নবজাতকদের পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাজুড়ে বইছে আনন্দের বন্যা।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গ্রামের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী সাইদুল ইসলাম রিজনের স্ত্রী সুলতানা আক্তার তিন্নি বৃহস্পতিবার দুপুরের দিকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে প্রসূতি মা ও চার নবজাতক হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং সবাই সুস্থ আছেন।একসঙ্গে চার নাতনি পাওয়ার অনুভূতি প্রকাশ করে সুলতানা আক্তার তিন্নির শ্বশুর আব্দুস সালাম জানান, একসঙ্গে চার নাতনি পেয়ে তিনি ও পরিবারের সকল সদস্য দারুণ আনন্দিত। মহান আল্লাহর এই অশেষ নিয়ামতের জন্য তারা শুকরিয়া আদায় করছেন এবং মা ও চার নবজাতকই বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।স্থানীয় ইউপি সদস্য শেখ মো. দেলোওয়ারুস সাদাত বলেন, একসঙ্গে চার কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকে দক্ষিণ হিংগাজিয়া গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল ও আনন্দের আমেজ বিরাজ করছে।দীর্ঘ প্রতীক্ষার পর একসঙ্গে চার সন্তানের মুখ দেখার খবরে প্রবাসে অবস্থানরত বাবা সাইদুল ইসলাম রিজনও আবেগাপ্লুত হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা নবজাতক চার কন্যাসন্তান ও তাদের মায়ের সার্বিক সুস্থতা, সুন্দর ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।