ইসমাইল হোসেন নবীনদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে আনন্দ মিছিল
সিলেটের খবর · 2026-11-27T13:14:04.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মো. ইসমাইল হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুজ্জামান রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের স্টেশন রোড চত্বর থেকে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন নবনির্বাচিত কেন্দ্রীয় সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নবীনদলের ওপর অর্পিত দায়িত্বের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি নেতাকর্মীদের দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।
নিজের রাজনৈতিক পথচলা তুলে ধরে মো. ইসমাইল হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছি। এর আগে কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সততার সঙ্গে পালন করেছি।”
এদিকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় অনুভূতি প্রকাশ করেন মো. কামরুজ্জামান রুমেল। এ জন্য তিনি বিএনপি এবং জাতীয়তাবাদী নবীনদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
আনন্দ মিছিলের আয়োজন করে শ্রীমঙ্গল পৌর ও উপজেলা নবীনদল। মিছিলে শ্রীমঙ্গল পৌর, উপজেলা ও মৌলভীবাজারের স্থানীয় নবীনদলের নেতাকর্মীরা অংশ নেন।