বেরোবির এমসিজে উৎসবে আসছেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন
শিক্ষা · 2026-11-11T15:49:08.000000Z · ডেস্ক রিপোর্ট
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমসিজে উৎসব-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর সালাহউদ্দীন সুমন। উৎসবে বিভাগের প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।
দিনব্যাপী এ আয়োজনে থাকছে সেমিনার, ক্যারিয়ার ও উচ্চশিক্ষাবিষয়ক আলোচনা, সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সেমিনার ও সেলিব্রেশন র্যালির মধ্য দিয়ে উৎসবের প্রথম পর্ব শুরু হবে। সকাল ১১টায় অনুষ্ঠিত হবে ক্যারিয়ার ও উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার। এতে বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গঠন ও উচ্চশিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।
উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৩টায়। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এ পর্বে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেবেন বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তাবিউর রহমান প্রধান।
দিনের শেষ পর্বে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট থেকে স্বাধীনতা স্মারক মাঠে শুরু হবে সালাহউদ্দীন সুমনের গল্পকথন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, এ উৎসব বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি তাঁদের সৃজনশীলতা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।