‘নাস্তিক হলে বিয়ে কেন?’ সমালোচকদের প্রশ্নের জবাব পারশার
বিনোদন · 2026-11-11T15:37:00.000000Z · ডেস্ক রিপোর্ট
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী নিজের বিয়ে ও স্বামী আসাদ নূরের ধর্মীয় বিশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন। দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আসাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অনেকে একমত না হলেও তাঁকে শুধু ‘নাস্তিক’ পরিচয়ে বিচার করা উচিত নয়। একই সঙ্গে জীবনসঙ্গী হিসেবে আসাদকে বেছে নেওয়ার কারণ, নিজের বিশ্বাস, পরিবার ও ব্যক্তিস্বাধীনতা নিয়েও বিস্তারিত কথা বলেছেন তিনি।
সম্প্রতি বিয়ের ছবি প্রকাশের পর থেকেই পারশার স্বামী কে, তাঁর ধর্মীয় বিশ্বাস কী—এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। ছবিতে স্বামীর মুখ আড়ালে রাখায় কৌতূহল আরও বাড়ে। পরে গত ১০ নভেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে আসাদ নূর পারশাকে বিয়ে করার কথা স্বীকার করেন। তিনি জানান, ভারতের ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪’-এর অধীনে তাঁদের বিয়ে হয়েছে। কোনো ধর্মীয় বিধিবিধান অনুসরণ করে বিয়ে করেননি তাঁরা।
বিয়ের বিষয়টি এত দিন আড়ালে রাখার কারণও ব্যাখ্যা করেন আসাদ। তাঁর ভাষ্য, সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙতে এবং মানুষের প্রতিক্রিয়া দেখতে পরিকল্পিতভাবে বিয়ের বিষয়টি নিয়ে রহস্য তৈরি করেছিলেন তাঁরা। পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে অনুসরণ করার মতো বিষয়ও ছিল সেই পরিকল্পনার অংশ।
এরপর বিয়ে ও স্বামীর পরিচয় নিয়ে সমালোচনার মুখে নিজের অবস্থান তুলে ধরেন পারশা। তিনি প্রশ্ন করেন, কেউ নাস্তিক হলে তাঁর বিয়ে করার প্রয়োজন নেই—এমন ধারণা কেন থাকবে? পারশার মতে, বিয়ে কোনো ধর্মের একক প্রথা নয়। ইসলামের আবির্ভাবের বহু আগে থেকেই বিভিন্ন সভ্যতায় বিয়ের সামাজিক ও আইনগত স্বীকৃতি ছিল।
জীবনসঙ্গী বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে পারশা জানান, সন্তানদের প্রতি স্নেহশীল, দায়িত্ববান ও যত্নশীল একজন বাবা তিনি চেয়েছিলেন। আসাদের মধ্যে সেই গুণগুলো খুঁজে পেয়েছেন। তাঁর দাবি, আসাদের মতো যত্নবান, সাহসী, আন্তরিক ও দায়িত্বশীল পুরুষ তিনি বাবার বাইরে আগে কখনো পাননি। আসাদের কথা, নীরবতা, কাজ এবং পোষা প্রাণীদের প্রতি যত্ন তাঁকে মুগ্ধ করে।
আসাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে অনেকের মতভিন্নতা থাকতে পারে বলে স্বীকার করেছেন পারশা। এমনকি আসাদের সব বক্তব্যের সঙ্গে নিজেরও একমত হওয়া জরুরি নয় বলে জানিয়েছেন তিনি। তবে এ কারণে একজন মানুষকে শুধু ‘নাস্তিক’ বা ‘ধর্মহীন’ পরিচয়ে আটকে না রেখে মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন এই শিল্পী।
নিজের পরিবারের অবস্থান তুলে ধরে পারশা জানান, প্রথমে তাঁর বাবা-মা এই বিয়েতে রাজি ছিলেন না। তাঁরা নিজেদের আশঙ্কার কথা জানিয়েছেন, তবে তাঁকে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখেননি। কারণ, তাঁর পরিবার ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে। পারশার বড় ভাই একজন ধর্মপ্রাণ মুসলিম। ইসলামের ওপর তাঁর লেখা বই ও গবেষণাও রয়েছে। ভাবি নিকাব করেন এবং পরিবারের মধ্যেও পর্দার নিয়ম মেনে চলেন। কিন্তু পরিবারের কেউ কখনো তাঁর গানবাজনা কিংবা জীবনযাপন নিয়ে আপত্তি জানাননি।
পারশার ভাষ্য, তাঁর পরিবার তাঁকে ধর্মীয় পরিচয়ের আগে মানুষ হতে শিখিয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহমর্মিতাকেই মনুষ্যত্বের প্রধান পরিচয় হিসেবে দেখেছেন তাঁরা। তাঁর বন্ধুবান্ধবের মধ্যেও বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ রয়েছেন। কারও ভালোবাসা পাওয়ার জন্য নিজের বিশ্বাসের সঙ্গে অন্যের বিশ্বাস মিলিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
ধর্ম পালন করা মানুষের সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই জানিয়ে পারশা বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিদ্বেষ ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের বিরোধিতা করেন তিনি। বিশেষ করে ওয়াজ মাহফিলের নামে নারীর শরীর, পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের সমালোচনা করেন এই শিল্পী। তাঁর মতে, ধর্মীয় মঞ্চ কোনো নারীর চরিত্রহননের আদালত হতে পারে না। একজন নারীর জীবন, শরীর ও সিদ্ধান্তের ওপর কর্তৃত্ব করার অধিকার তাঁর নিজের।
নিজের শিল্পীসত্তা ও ধর্মীয় পরিচয় নিয়েও খোলামেলা কথা বলেছেন পারশা। গানবাজনা, ছবি আঁকা ও অভিনয় তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে জানান তিনি। ইসলামের কিছু কঠোর ব্যাখ্যায় এসব বিষয়ে বিধিনিষেধ থাকলেও শিল্পচর্চা ছেড়ে দেওয়া তাঁর কাছে নিজের সত্তাকে অস্বীকার করার মতো। তবে ইসলাম থেকে পাওয়া সততা, সহমর্মিতা, দানশীলতা ও মানুষের উপকার করার মতো শিক্ষাগুলো এখনো ধারণ করেন বলে জানিয়েছেন তিনি। শুধু সামাজিক স্বীকৃতির জন্য ধার্মিকতার অভিনয় করার কোনো অর্থ নেই বলেও মনে করেন পারশা।
নিজের জীবনযাপন সম্পর্কে পারশা বলেন, তিনি কখনো ধূমপান, মাদক কিংবা নেশাজাতীয় কিছু গ্রহণ করেননি। কারও ক্ষতি বা প্রতারণা করেননি বলেও দাবি করেন তিনি। বরং পশুপাখির যত্ন নেওয়া এবং সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করেন। মুখে এক কথা বলে আড়ালে অন্য জীবনযাপন করার অভ্যাস তাঁর নেই বলেও উল্লেখ করেন।
পোস্টে আসাদ নূরের বেড়ে ওঠা ও অতীত জীবনের নানা ঘটনাও তুলে ধরেছেন পারশা। নিজের সঙ্গে আসাদের পারিবারিক ও সামাজিক পরিবেশের পার্থক্যের কথা জানিয়ে তিনি বলেন, তাঁর বেড়ে ওঠা ছিল শিক্ষা, সংস্কৃতি ও শিল্পচর্চার পরিবেশে। উত্তরবঙ্গের একটি নামকরা স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তাঁর বাবা পিএইচডিধারী অধ্যাপক। ছোটবেলা থেকেই বাবা-মায়ের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছেন এবং প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছেন।
অন্যদিকে আসাদের বেড়ে ওঠা ছিল ভিন্ন পরিবেশে। তাঁর বাবা হাইস্কুলের শিক্ষক এবং পরিবার ছিল ধর্মপ্রাণ। দাদার শেষ ইচ্ছা পূরণ করতে আসাদের বাবা তাঁকে মাদরাসায় ভর্তি করিয়েছিলেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন আসাদ। মক্তবে আজান দেওয়া এবং ওয়াজ মাহফিলে হামদ-নাত পরিবেশনও করতেন তিনি।
পারশার দাবি, মাদরাসায় পড়ার সময় আসাদ গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। বিষয়টি জানার পর তাঁর বাবা তাঁকে নিজের স্কুলে ভর্তি করিয়ে দেন। তবে ওই অভিজ্ঞতার পরও আসাদ ধর্মচর্চা অব্যাহত রেখেছিলেন। পরবর্তী সময়ে কৈশোরে একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ধর্মীয় বিধিনিষেধের মুখোমুখি হন তিনি। পারশার বর্ণনা অনুযায়ী, ওই ঘটনা আসাদের মনে ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তৈরি করে। দীর্ঘদিন পড়াশোনা, অনুসন্ধান ও বিচার-বিশ্লেষণের পর একসময় তিনি ধর্মবিশ্বাস থেকে সরে আসেন।
বাংলাদেশে মুক্তচিন্তার লেখক ও ব্লগারদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের সময় আসাদও বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন বলে জানিয়েছেন পারশা। তাঁর দাবি, মাদরাসায় শিশু নির্যাতনের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে আসাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয় এবং তাঁকে দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়। এসব ঘটনার পর পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন আসাদ। প্রায় ১০ বছর ধরে মায়ের সঙ্গে তাঁর দেখা হয়নি বলেও জানান পারশা।
পারশার মতে, অতীতের অভিজ্ঞতা ও সামাজিক প্রত্যাখ্যান আসাদের ব্যক্তিত্বে প্রভাব ফেলেছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই বদলেছেন। জীবনকে নতুনভাবে দেখছেন, শিখছেন এবং নিজের ভুলত্রুটি নিয়ে ভাবছেন। তাই অতীতের পরিচয়ের ভিত্তিতে তাঁকে বিচার না করে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
কানাডায় থাকলেও আসাদের বাংলাদেশ ও বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা রয়েছে বলে জানিয়েছেন পারশা। দেশীয় খাবার, বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথাও তুলে ধরেন তিনি। পারশার ভাষায়, ধর্মীয় বিশ্বাস আলাদা হলেও দেশের প্রতি ভালোবাসা কিংবা সমাজের জন্য কাজ করার আকাঙ্ক্ষা আলাদা হওয়ার কথা নয়।
নিজের দেশ ও শেকড়ের প্রসঙ্গ টেনে পারশা বলেন, বাংলাদেশ তাঁর দেশ। এ দেশের মানুষ, নদী-নালা, পশুপাখি, গানবাজনা, ভাষা ও সংস্কৃতি তাঁর অস্তিত্বের অংশ। কোনো ধর্মীয় পরিচয় কিংবা কারও অনুমতির ওপর নিজের দেশের সঙ্গে তাঁর সম্পর্ক নির্ভর করে না। ভাষা আন্দোলনের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, যে জাতি নিজের ভাষা ও আত্মপরিচয়ের মর্যাদা রক্ষায় রক্ত দিয়েছে, সেই জাতির একজন সন্তানকে নিজের দেশেই পরবাসী বানানোর চেষ্টা করা উচিত নয়।
বিয়ের খবর প্রকাশের পর শুরু হওয়া আলোচনা-সমালোচনার জবাবে পারশার এই দীর্ঘ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি স্বামী আসাদ নূরের অতীত, ধর্মীয় বিশ্বাস এবং তাঁদের সম্পর্কের নানা দিকও প্রকাশ্যে তুলে ধরেছেন এই সংগীতশিল্পী।