শ্রীমঙ্গলের সময়

শ্রমিক আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ, যান চলাচল স্বাভাবিক

জাতীয় · 2026-11-02T08:30:00.000000Z · ডেস্ক রিপোর্ট

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। ডিএমপি জানিয়েছে, মিরপুর-১০ এলাকায় যান চলাচল স্বাভাবিক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। বিশৃঙ্খলা ও সড়ক অবরোধ ঠেকাতে এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ নভেম্বর) মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ে শ্রমিক মজুরি বোর্ড গঠনের খবর গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলমান রয়েছে। শ্রমিকদের সঙ্গেও পুলিশ কথা বলেছে। মজুরি বোর্ড গঠনের খবর জানার পর শ্রমিকদের আন্দোলন বন্ধ হওয়ার কথা ছিল। সোমবার এলাকায় আন্দোলনে অংশ নিতে কোনো শ্রমিক আসেননি বলেও জানান তিনি।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, মিরপুর এলাকার সার্বিক পরিবেশ ও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মিরপুর-১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি।

তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি, সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে জন্য এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি টহল দলও নিয়মিত দায়িত্ব পালন করছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর এলাকায় সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আলোচনা ও মজুরি বোর্ড গঠনের বিষয়টি সামনে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Source- বিডি প্রতিদিন

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত