যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির আকাশে ড্রোন, বাড়তি সতর্কতা
বিশ্ব · 2026-11-14T11:49:00.000000Z · ডেস্ক রিপোর্ট
যুক্তরাজ্যের আরএএফ ল্যাকেনহিথ বিমানঘাঁটির আকাশে সন্দেহভাজন ড্রোনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে মার্কিন বিমানবাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ড্রোনটি কোথা থেকে এসেছে বা এর পেছনে কারা রয়েছে, তা জানতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মার্কিন বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সন্ধ্যার দিকে ঘাঁটির আকাশে অননুমোদিত ড্রোনের উপস্থিতি টের পান নিরাপত্তাকর্মীরা। এরপর দ্রুত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো সেনাসদস্য, বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। ঘাঁটিতে অবস্থানরত সবার নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ড্রোনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ড্রোনটির উৎস ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর আগে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্য থেকে নিজেদের বোমারু বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান জার্মানিতে সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এসব বিমান সরিয়ে নেওয়া হয়।
গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাতে যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে একটি সাদা ভ্যানে করে কয়েকজনের উপস্থিতি ঘিরেও নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছিল। ওই ঘটনায় দুজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাঁদের একজন ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য ওই বিমানঘাঁটিতে হামলার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
ব্রিটিশ গোয়েন্দা প্রধান গত অক্টোবরে সতর্ক করে বলেছিলেন, ইরান যুক্তরাজ্যের সামরিক স্থাপনাগুলোতে হামলার চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশেও ড্রোন নিয়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। গত আগস্টে জার্মানির একটি বিমানবন্দরে বিস্ফোরক বহনকারী ড্রোন পাওয়ার ঘটনা সামনে আসে। এ ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে জার্মান সরকার। তবে ইউরোপের বিভিন্ন স্থানে ড্রোন-সংক্রান্ত এসব ঘটনার সঙ্গে একই পক্ষ জড়িত কি না, তা নিশ্চিত নয়।
সূত্র: রয়টার্স