শ্রীমঙ্গলের সময়

অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি, বাড়ছে প্রযুক্তির ব্যবহার

সারাদেশ · 2026-11-14T12:04:51.000000Z · স্টাফ রিপোর্টার

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সম্ভাব্য স্পর্শকাতর স্থানগুলো চিহ্নিত করে সেখানে জোরদার করা হয়েছে নজরদারি।

 নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশেষ অভিযান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বরুয়াকোণা পাতলাবন এলাকায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।

 তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের পাশাপাশি মাদক, অস্ত্রসহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, অবৈধ অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে—এমন স্পর্শকাতর স্থানগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

পাশাপাশি আরও সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। রাতের অন্ধকারে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের পাশাপাশি পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি জোরদার করতে ড্রোনও ব্যবহার করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে গত এক বছরে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানের তথ্য তুলে ধরেন ব্যাটালিয়ন অধিনায়ক। তিনি জানান, এ সময়ে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। 

এ ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসা এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পাচারের শিকার নয়জন পুরুষ ও দুজন নারীকে আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। চলতি বছরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮ পিস ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪ পিস টেপেন্ডর ট্যাবলেট জব্দ করেছে। এসব ঘটনায় মোট ২১ জন আসামিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত