শ্রীমঙ্গলের সময়

হালকা শীতের সন্ধ্যায় গরম গরম ডাম্পলিং স্যুপ, বানাবেন যেভাবে

লাইফস্টাইল · 2026-11-04T03:30:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ডাম্পলিং খেতে পছন্দ করেন? চাইলে পরিচিত এই খাবারটি তৈরি করতে পারেন স্যুপের সঙ্গে। মুরগির কিমা, আদা, স্প্রিং অনিয়ন ও চিকেন স্টক দিয়ে তৈরি ডাম্পলিং স্যুপ হালকা শীতের সকাল কিংবা সন্ধ্যার নাশতায় হতে পারে দারুণ আয়োজন।

ডাম্পলিং খাওয়ার প্রচলিত পদ্ধতির বাইরে একটু ভিন্ন স্বাদ পেতে তৈরি করতে পারেন ডাম্পলিং স্যুপ। গরম চিকেন স্টকের সঙ্গে নরম ডাম্পলিং, মুরগির কিমা আর আদার ঘ্রাণ—সব মিলিয়ে খাবারটি বেশ উপভোগ্য। হালকা শীতের ভোর কিংবা সন্ধ্যায় পরিবারের সদস্যদের জন্য ঘরেই তৈরি করতে পারেন এই স্যুপ। রেসিপিটি দিয়েছেন নাজিয়া ফারহানা।

ডাম্পলিং তৈরির উপকরণ

  • ডাম্পলিং র‍্যাপার ১২টি

  • মুরগির কিমা ২০০ গ্রাম

  • আদাকুচি ১ চা-চামচ

  • স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ

  • সয়া সস ১ টেবিল চামচ

  • তিলের তেল ১ চা-চামচ

  • চিকেন স্টক জেলি আধা কাপ (চিকেন স্টক ঠান্ডা করে জমিয়ে তৈরি)

স্যুপ তৈরির উপকরণ

  • চিকেন স্টক ৪ কাপ

  • আদাকুচি ১ চা-চামচ

  • সয়া সস ১ টেবিল চামচ

  • স্প্রিং অনিয়ন ২ টেবিল চামচ

  • লবণ স্বাদমতো

  • গোলমরিচ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে মুরগির কিমা, আদাকুচি, স্প্রিং অনিয়ন, সয়া সস ও তিলের তেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর জমাট চিকেন স্টক জেলি ছোট ছোট টুকরা করে কিমার মিশ্রণের সঙ্গে মেশান।

এবার ডাম্পলিং র‍্যাপারের মাঝখানে তৈরি করা পুর দিন। চারপাশ ভাঁজ করে র‍্যাপারের মুখ ভালোভাবে বন্ধ করে দিন, যাতে রান্নার সময় ভেতরের পুর বেরিয়ে না আসে।

ডাম্পলিংগুলো স্টিমারে সাজিয়ে ৮ থেকে ১০ মিনিট ভাপে রান্না করুন। মুরগির কিমা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে।

এবার আলাদা একটি পাত্রে চিকেন স্টক, আদাকুচি ও সয়া সস দিয়ে ফুটিয়ে নিন। স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ মিশিয়ে স্যুপ তৈরি করুন।

পরিবেশনের জন্য একটি বাটিতে সেদ্ধ ডাম্পলিং সাজিয়ে নিন। এর ওপর গরম চিকেন স্যুপ ঢেলে দিন। সবশেষে ছড়িয়ে দিন স্প্রিং অনিয়ন। তৈরি হয়ে যাবে গরম গরম ডাম্পলিং স্যুপ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত