আল্লাহর দ্বীনের ভিত্তিতে সমাজে শান্তি ফেরানোর আহ্বান জামায়াত আমিরের
রাজনীতি · 2026-11-07T16:13:00.000000Z · ডেস্ক রিপোর্ট
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ হতাশা, দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সমাজের কোথাও শান্তি, সম্মান ও স্বস্তি নেই। আল্লাহর দ্বীনের ভিত্তিতেই মানুষের জীবনে এসব ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি। এ লক্ষ্য অর্জনে চিকিৎসকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দৃঢ় শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের সি শেল রিসোর্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘কিডস ফেস্টিভ্যাল ও ফ্যামিলি গেট টুগেদার সিজন ২’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার ও সন্তানদের জন্য পর্যাপ্ত সময় রাখার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, এ ধরনের পারিবারিক আয়োজন পারস্পরিক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতি দৃঢ় করতে ভূমিকা রাখে। একই সঙ্গে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতার সীমারেখা মেনে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ইসলামিক চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং জিএস এসএম ফরহাদ।
এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ডা. নুর উদ্দীন তালুকদার।
দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য বিভিন্ন রাইড ও কিডস জোন, খেলাধুলা, পিঠা উৎসব, নাটিকা, সংগীত পরিবেশনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ন্যাশনাল ডক্টরস ফোরামের সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।