শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বড় পরিবর্তন, যুক্ত হলো নতুন শর্ত
শিক্ষা · 2026-11-17T04:12:00.000000Z · ডেস্ক রিপোর্ট
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬-এর খসড়ায় নতুন শর্ত যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের জন্য প্রতিষ্ঠার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। একই সঙ্গে ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের নির্দিষ্ট শর্ত বাদ দেওয়া হয়েছে। তবে আগের পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নিয়মে বড় পরিবর্তন আনছে সরকার। নতুন খসড়া নীতিমালায় জাতীয়করণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা এবং পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাদ দেওয়া হয়েছে।
গত সোমবার (১৬ নভেম্বর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনের সভাপতিত্বে আরেকটি সভায় নীতিমালাটি চূড়ান্ত করা হবে। নতুন খসড়ায় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের নির্দিষ্ট বাধ্যবাধকতা বাদ দেওয়া হলেও প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। তবে আগের পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
নতুন খসড়ায় বলা হয়েছে, সরকার জনস্বার্থে যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব দখল ও মালিকানায় খেলার মাঠসহ পর্যাপ্ত, শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক উপযুক্ত জমি থাকতে হবে। সরকারি সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা থেকে প্রতিষ্ঠানের অনুকূলে জমি বরাদ্দের লিখিত বরাদ্দপত্র থাকতে হবে। বরাদ্দ করা জমি বিদ্যালয় ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।
এ ছাড়া প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত টয়লেটসহ পর্যাপ্ত ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র্যাম্পের ব্যবস্থাও থাকতে হবে।
শিক্ষার্থী সংখ্যার নির্দিষ্ট শর্ত বাদ দেওয়া হলেও নতুন খসড়ায় শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা নিয়ে আলাদা ধারা যুক্ত করা হয়েছে। সেখানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) অনুসরণের কথা বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএর নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগ করা থাকতে হবে।
নতুন খসড়ায় গ্রন্থাগারের শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে কমপক্ষে তিন হাজার বই থাকতে হবে। উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে থাকতে হবে পাঁচ হাজার বই। আর উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক কলেজের গ্রন্থাগারে বইয়ের সংখ্যা হতে হবে কমপক্ষে ১০ হাজার।
সহশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রেও আগের শর্ত বহাল রাখা হয়েছে। এর মধ্যে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড, কম্পিউটার এবং বিএনসিসির কার্যক্রম রয়েছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরীক্ষাগার এবং প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র আইসিটি বা কম্পিউটার ল্যাব থাকার শর্তও রাখা হয়েছে।
জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকারের শর্তেও বড় কোনো পরিবর্তন আনা হয়নি। আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্যপীড়িত এবং অপেক্ষাকৃত কম শিক্ষার হার রয়েছে—এমন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্ট এলাকার পুরোনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং আগের পাঁচ বছরের মোট শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে প্রতিষ্ঠানটির অবস্থানও বিবেচনায় নেওয়া হবে।
তবে সরকার বিশেষ বিবেচনায় নীতিমালার যেকোনো শর্ত শিথিল করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। নীতিমালার কোনো বিষয়ে ব্যাখ্যা বা স্পষ্টীকরণের প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
এদিকে, ২০২৬ সালে দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা বিভাগের ২১টি প্রতিষ্ঠান রয়েছে।
রাজশাহী বিভাগের মধ্যে বগুড়ায় সবচেয়ে বেশি ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় রয়েছে। এ ছাড়া নওগাঁর পাঁচটি, নাটোরের তিনটি, সিরাজগঞ্জের দুটি, চাঁপাইনবাবগঞ্জের দুটি এবং রাজশাহী ও পাবনার একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
রংপুর অঞ্চলের তালিকায় রয়েছে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের পাঁচটি, পঞ্চগড়ের দুটি এবং দিনাজপুর, গাইবান্ধা ও নীলফামারীর একটি করে প্রতিষ্ঠান রয়েছে। খুলনা বিভাগে রয়েছে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান। ময়মনসিংহ বিভাগের তালিকায় থাকা দুটি প্রতিষ্ঠান হলো আস্কর আলী উচ্চবিদ্যালয় ও মাইজবাড়ী হাতেম তাই উচ্চবিদ্যালয়।
নতুন নীতিমালার খসড়ায় ২৫ বছরের বয়সসীমাসহ বিভিন্ন শর্ত যুক্ত হওয়ায় জাতীয়করণের সম্ভাব্য তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে নীতিমালাটি চূড়ান্ত হওয়ার পরই জাতীয়করণের শর্ত ও প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক