শ্রীমঙ্গলের সময়

ফুলবাড়ীতে পবিত্র আল-কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

সারাদেশ · 2026-11-17T02:11:19.000000Z · জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পবিত্র আল-কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পবিত্র আল-কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে উপজেলার কাচারী মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকে দুর্বৃত্তরা পবিত্র আল-কোরআনের পোড়া অংশের সঙ্গে অশ্লীল সিনেমার ছবি সংযুক্ত করে টাঙিয়ে রেখে যায়। এ ঘটনাকে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নিন্দনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেন।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা মো. আব্দুর মালেক, উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. সেকেন্দার আলী।

বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত