শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, মিথ্যা হয়রানির অভিযোগ পিতার
সিলেটের খবর · 2026-11-15T13:45:30.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পিতা। মামলায় তার ছেলে আবুল খায়েরকে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।রোববার (১৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান উপজেলার হুগলিয়া গাজীপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার মিয়া (৪৫)।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ার মিয়া জানান, তার প্রতিবেশী ফখরুল ইসলামের মেয়ে এবং মজিদ মিয়ার নাতনি তামান্না আক্তারের সঙ্গে তার ছেলে আবুল খায়েরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে তামান্না প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তার ছেলেকে ফোন করেন। তামান্না তার পরিবার থেকে অন্যত্র বিয়ের আয়োজনের কথা জানিয়ে আবুল খায়েরকে দ্রুত এসে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। অন্যথায় আত্মহত্যার হুমকি দেন বলে জানান আনোয়ার মিয়া।তিনি আরও উল্লেখ করেন, ফোন পেয়ে তার ছেলে সিন্দুরখান বাজার থেকে তামান্নাকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যান। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে গত ১৭ অক্টোবর শ্রীমঙ্গল থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলায় আনোয়ার মিয়া, তার ছেলে, ভাই ও ভাতিজাসহ পরিবারের পাঁচজনকে আসামি করা হয়।মামলার সূত্র ধরে পুলিশ ঢাকা থেকে আবুল খায়েরকে এবং মৌলভীবাজার থেকে তামান্নাকে আটক করে। পরে তামান্নাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয় এবং আবুল খায়েরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ১৬ অক্টোবর মামলার অন্যান্য আসামিরা আদালত থেকে জামিন নেন।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তামান্নাকে জোরপূর্বক অপহরণ করা হয়নি; বরং তিনি নিজেই স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে আবুল খায়েরের সঙ্গে গেছেন। তাদের মধ্যে এর আগেই ইসলামী শরিয়াহ ও এফিডেভিটের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়েছে বলে দাবি করেন আনোয়ার মিয়া। তামান্নার নিজের হাতে লেখা একটি চিঠি, কললিস্ট, ছবি ও ভিডিও প্রমাণ হিসেবে তুলে ধরে তিনি জানান, চিঠিতে তামান্না নিজেই স্বেচ্ছায় চলে যাওয়ার কথা স্বীকার করেছেন। পাশাপাশি তামান্না বর্তমানে অন্তঃসত্ত্বা রয়েছেন বলেও দাবি করা হয়।এ বিষয়ে মামলার বাদী ও তামান্নার পিতা ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমার মেয়ে নাবালিকা। তার বয়স ১৪ বছর ৭ মাস। ঘটনার দিন আমার মেয়েকে তারা তাবিজ করে অপহরণ করে নিয়ে যায়।সংবাদ সম্মেলনের শেষাংশে আনোয়ার মিয়া এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, তামান্নার হাতের লেখা চিঠি, কল রেকর্ড, বিয়ের কাগজপত্র এবং ছবি-ভিডিওর সত্যতা যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটন ও পরিবারের হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।