শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সারাদেশ · 2026-11-11T12:51:30.000000Z · স্টাফ রিপোর্টার
শেরপুরে প্রতারণা, ভণ্ডামি, মামলাবাজি, অপচিকিৎসা এবং ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সনাতন সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বক্তব্য প্রদান শেষে জেলা পুলিশ সুপার বরাবর এক স্মারকলিপি প্রদান করেন। এ সময় পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস,আশীষ দেসহ কয়েকশত ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৫ সাল থেকে উক্ত প্রবীর চৌধুরী সাধুর পোশাক ধারণ করে সাধারণ মানুষকে মানসিক কারসাজি, ভুয়া দীক্ষা, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ ও অপচিকিৎসার চক্রান্ত চালিয়ে আসছেন। এছাড়া, তার বিরুদ্ধে বিভিন্ন মন্দিরের জায়গা দখলচেষ্টা, চাঁদা দাবি, ভুয়া মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত করার গুরুতর অভিযোগ রয়েছে।
এতে আরও অভিযোগ করা হয়, আগে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতাদের চাপে মুচলেকা দিয়ে শেরপুর ত্যাগ করলেও সম্প্রতি তিনি পুনরায় তার সহযোগীদের নিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে।
মানববন্ধন বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগীরা অভিযুক্ত প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, আইনি শাস্তি নিশ্চিত করা এবং শেরপুর জেলা থেকে চিরতরে বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান।