শ্রীমঙ্গলের সময়

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবি করা ৪ আসামির ১৪ বছরের কারাদণ্ড

আইন-আদালত · 2026-11-11T12:50:30.000000Z · স্টাফ রিপোর্টার

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক ছেলে শিশুকে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় চারজন আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আজ (বুধবার, ১১ নভেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন—নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) ও মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)। সাজার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে ৭ বছর বয়সী ছেলে শিশুকে অপহরণ করে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে রাইসুল হুদা, বোরহান উদ্দিন, জামিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন বাবু। তবে ওই শিশুর পরিবারের কাছে টাকা না থাকায় তিনি অপহরণকারীদের নিকট টাকা পাঠাতে ব্যর্থ হন।

আরও পড়ুন: ৬ ঘণ্টা আগে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিটের ওপর রুল জারি

এদিকে পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজারে ওই শিশুকে অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ওই শিশু অপহরণকারী রাইসুলকে দেখে চিনতে পারে এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর রাইসুল অপহরণের কথা স্বীকার করে তার সহযোগীদের নাম প্রকাশ করে।

এ ঘটনায় ওইদিনই ওই শিশুর বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনসহ অজ্ঞাতনামা আরও দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে নালিতাবাড়ীর থানার এসআই মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।

আসামিদের মধ্যে উপস্থিত রাইসুল ও জামিরুলকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণ করা হয়। বাকী দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

সিনিয়র সচিবেরও জবাবদিহি চায় সংস্থাটি

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত