শ্রীমঙ্গলের সময়

মাভাবিপ্রবির ২৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পাস করানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর

শিক্ষা · 2026-10-28T04:57:00.000000Z · ডেস্ক রিপোর্ট

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পাস করানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পাস করানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন, তা দেশের স্বার্থে কাজে লাগাতে হবে। গবেষণালব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের জন্য দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে দেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার ফলাফল উৎপাদন ও শিল্প খাতে কাজে লাগানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এদিকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. সুলতান সালাহউদ্দিন টুকু মাভাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এক হাজার আসনবিশিষ্ট ছাত্র হল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে এক হাজার আসনবিশিষ্ট ছাত্রী হল এবং একটি স্পোর্টস জোন স্থাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থী পড়ানো, ডিগ্রি দেওয়া কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান এবং সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত