শ্রীমঙ্গলের সময়

রায়পুরে ককটেল বিস্ফোরণ, আটক দুই ছাত্রলীগ কর্মী

সারাদেশ · 2026-11-19T10:17:20.000000Z · জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে থানা লক্ষ্য করে ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে পালানোর চেষ্টাকালে লাবিব ও জিহান নামে দুজনকে আটক করেন পৌর ছাত্রদল নেতা জিহাদ রহমান ও পৌর যুবদল নেতা মাহবুব হোসেন ফাহিম। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, আটক দুজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। রায়পুর পৌর ছাত্রদল নেতা জিহাদ রহমান ও পৌর যুবদল নেতা মাহবুব হোসেন ফাহিমের নেতৃত্বে ওই দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।

বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রায়পুর মার্চেন্টস একাডেমির পেছন দিক থেকে থানা লক্ষ্য করে ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপের ঘটনা ঘটে। পরে থানা-সংলগ্ন মুন্সীবাড়ির বাগান এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের শব্দ শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান রায়পুর পৌর ছাত্রদলের সক্রিয় নেতা জিহাদ রহমান, জেলা যুবদলের সদস্য ও রায়পুর পৌর যুবদল নেতা মাহবুব হোসেন ফাহিমসহ তাঁদের সঙ্গে থাকা নেতাকর্মীরা। এ সময় মুন্সীবাড়ির বাগান দিয়ে পালানোর চেষ্টা করলে লাবিব ও জিহান নামে দুজনকে হাতেনাতে আটক করেন জিহাদ ও ফাহিম। পরে তাঁদের রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের দাবি, আটক দুজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী এবং বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, থানা ও আশপাশের এলাকার নিরাপত্তা কঠোরভাবে নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড ঘটলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতা চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য পুলিশ কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।

এদিকে, সারা দেশে থানা ও সরকারি স্থাপনায় হামলা ও নাশকতা রুখতে এবং রায়পুরকে নাশকতামুক্ত রাখতে পুলিশের পাশাপাশি রাতভর পাহারা দিয়ে সহযোগিতা করে রায়পুর পৌর ছাত্রদলের একটি টিম। পৌর ছাত্রদল নেতা জিহাদ রহমানের নেতৃত্বে রাতভর চলা এ পাহারায় অংশ নেন ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সায়েম, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের রাজিব, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ইমন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের রানা, কলেজ ছাত্রদলের রাতুল এবং ৭ নম্বর ওয়ার্ড তাঁতি দলের সাইমুমসহ অন্যান্য নেতাকর্মীরা।

থানা লক্ষ্য করে বিস্ফোরণের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর নেপথ্যে কোনো বড় পরিকল্পনা ছিল কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত