সীমান্তে ৮ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় গরু জব্দ
সারাদেশ · 2026-11-19T17:22:00.000000Z · ডেস্ক রিপোর্ট
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আনা চারটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে জেলার সদর থানার নারায়ণপুর ইউনিয়নের রুস্তম মন্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করে।
জব্দ করা চারটি গরুর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করছে।