পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ
সারাদেশ · 2026-11-18T13:45:15.000000Z · পাবনা জেলা প্রতিনিধি
পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও আইজিপি পদকপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুরুল হাসান মাসুদ আগস্ট মাসের কার্যমূল্যায়নে পাবনা জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’ (ওসি) নির্বাচিত হয়েছেন। রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশরাফ আলী পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।যোগদানের পর থেকেই পেশাদারিত্ব, দূরদর্শী কৌশল এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে ফরিদপুর থানাকে অপরাধমুক্ত করতে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই সাফল্যে পাবনা জেলা তথা ফরিদপুর উপজেলার সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বহুগুণ বেড়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ফরিদপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই অপরাধ দমনে একগুচ্ছ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেন ওসি মনজুরুল হাসান মাসুদ। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সফল অপারেশন নিচে তুলে ধরা হলো:
২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ ভিকটিম উদ্ধার:
আইনশৃঙ্খলার দৃশ্যমান অগ্রগতির এক বড় উদাহরণ তৈরি হয় গত ২৪ সেপ্টেম্বর। উত্তর থানাপাড়ার মো. জিন্নাত ফকিরের মেয়ে মোছা. জিয়াসমিন খাতুন নিখোঁজ হলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৫৬০) করা হয়। ওসির প্রত্যক্ষ তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ২৫ সেপ্টেম্বর নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে স্বজনদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।চর এলাকায় সর্বহারা দমনে সাঁড়াশি অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার:উপজেলার হাদল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সর্বহারা (লাল পতাকা) বাহিনীর ক্যাডাররা রাতের আঁধারে গুলিবর্ষণ, চাঁদাবাজি ও জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর রাতে কুচালিয়া গ্রামে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, ১টি চাপাতি, ১টি রামদা ও ৩টি ধারালো দা উদ্ধার করা হয়। সন্ত্রাসীদের এই অস্ত্রভাণ্ডার নস্যাৎ হওয়ায় নদীবেষ্টিত দুর্গম এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত শীর্ষ অপরাধী গ্রেফতার:
দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে কঠোর ভূমিকা পালন করে আসছে থানা পুলিশ। গত ৬ অক্টোবর বিশেষ অভিযানে ডেমড়া ও রতনপুর এলাকার সিআর অর্থজারি ও পরোয়ানাভুক্ত চার আসামি—শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা ও চাঁদ আলীকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২৭ সেপ্টেম্বর ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স:
মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে নিয়মিত সাঁড়াশি অভিযান চলছে। গত ১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া গত ৫ অক্টোবর ১ পুরিয়া গাঁজাসহ আটক মোমিন প্রামাণিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারনামীয় আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ একাধিক অপরাধীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
জনসাধারণের প্রত্যাশা:
ফরিদপুর উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ওসির এসব যুগান্তকারী পদক্ষেপ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। চরাঞ্চলে সর্বহারা বাহিনীর দৌরাত্ম্য দমন, পরোয়ানা তামিল এবং দ্রুততম সময়ে ভিকটিম উদ্ধারে রেকর্ড গড়ে এই চৌকস কর্মকর্তা জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে যে সম্মান অর্জন করেছেন, তা শতভাগ যুগোপযোগী বলে মনে করছেন স্থানীয়রা। সাধারণ মানুষ ও সুশীল সমাজের দাবি, দেশ ও মানুষের কল্যাণে অসাধারণ অবদান রাখা এই পুলিশ কর্মকর্তা ভবিষ্যতে ‘পিপিএম’ পদকে ভূষিত হয়ে বাংলাদেশ পুলিশের সুনাম আরও বহুগুণ বাড়িয়ে দেবেন।
সার্বিক বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, "অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।"