রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে
বিশ্ব · 2026-11-19T16:42:00.000000Z · ডেস্ক রিপোর্ট
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা সনদের অধীনে দেশটির বিভিন্ন বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া ঐতিহাসিক রায়ে এ নির্দেশ দেন আদালত। ক্ষতিপূরণের পরিমাণ ও কীভাবে তা দেওয়া হবে, পরবর্তী কার্যক্রমে সেটিও নির্ধারণ করবে আইসিজে।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায়ের বিভিন্ন সিদ্ধান্ত পাঠ করেন। আদালত ১০-৫ ভোটে সিদ্ধান্ত দেন, গণহত্যা সনদের অধীনে বাধ্যবাধকতা লঙ্ঘনের ফলে রোহিঙ্গাদের যে ক্ষতি হয়েছে, তা পুনরুদ্ধারমূলক ব্যবস্থায় পূরণ করা সম্ভব না হলে মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি নির্ধারণের দায়িত্বও আদালত নিজের হাতে রেখেছেন।
রায়ে মিয়ানমারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় একাধিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুযোগ তৈরি করা এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত ও সামষ্টিক সম্পত্তি ফেরত দেওয়া বা সমপরিমাণ সম্পদ দিয়ে প্রতিস্থাপন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং নিহতদের মরদেহ উদ্ধার ও মর্যাদার সঙ্গে দাফনের ব্যবস্থাও করতে হবে।
শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের পুনর্বাসন এবং বৈষম্য ও নিপীড়ন থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার নির্দেশও রয়েছে রায়ে। এসব পুনরুদ্ধারমূলক পদক্ষেপ গ্রহণের বাধ্যবাধকতা ১০-৫ ভোটে অনুমোদন করেন বিচারকেরা।
ক্ষতিপূরণের অর্থ ও পরিশোধের পদ্ধতি নির্ধারণের বিষয়ে আদালত জানিয়েছে, রায় ঘোষণার দুই বছরের মধ্যে মিয়ানমারকে গৃহীত পুনরুদ্ধারমূলক পদক্ষেপ এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এরপর মামলার পরবর্তী পর্যায়ে ক্ষতিপূরণ ও অন্যান্য প্রতিকারের বিষয়টি চূড়ান্ত করবে আইসিজে।
রায়ে গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের পুনরাবৃত্তি ঠেকাতেও মিয়ানমারকে নির্দেশ দেওয়া হয়েছে। ৯-৬ ভোটে আদালত দেশটিকে ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন না করার নিশ্চয়তা দিতে এবং একই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে বলেছেন।
এ ছাড়া ১০-৫ ভোটে আদালত বলেন, গণহত্যা সনদের অধীনে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা পূরণ করেনি মিয়ানমার। এ লঙ্ঘন বন্ধ করতে দেশটিকে দ্রুত প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে। ১৩-২ ভোটে ২০১৭ সালের সামরিক অভিযানের সময় গণহত্যা সনদের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্ত চালানোর নির্দেশও দিয়েছেন বিচারকেরা।
এর আগে মূল রায়ে আইসিজে সিদ্ধান্ত দেয়, ২০১৭ সালে উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযান গণহত্যা সনদের লঙ্ঘন ছিল এবং দেশটি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা করেছে। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে মিয়ানমার। আদালতের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচারব্যবস্থায় রাষ্ট্রের গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা।
গাম্বিয়ার করা মামলায় দীর্ঘ আইনি প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা এবং শুনানি শেষে এ রায় দেওয়া হলো। রায়টি চূড়ান্ত ও আপিলের অযোগ্য। তবে আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং ক্ষতিপূরণ কার্যকর করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রশ্নেও এ রায়ের তাৎপর্য রয়েছে।