শ্রীমঙ্গলের সময়

লাল শাপলায় রঙিন শ্রীমঙ্গলের মির্জাপুরের বিল-সানি আহমদ

পর্যটন · 2026-11-17T13:49:16.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল


​বর্ষা শেষ হতেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে।এই রূপবদলের ছোঁয়া লেগেছে শ্রীমঙ্গলের মির্জাপুরের একটি বিলে, যা এখন লাল শাপলার রঙে সেজে এক অনন্য সৌন্দর্যের হাতছানি দিচ্ছে। পানি যতদূর দৃষ্টি যায়, ততদূরই কেবল লাল শাপলার সমারোহ।
 ভোরের নরম আলোয় ফুলগুলো যখন ফুটে ওঠে, তখন পুরো বিলটি দেখে মনে হয় কেউ যেন লাল চাদর বিছিয়ে দিয়েছে।
​দর্শনার্থীদের ভিড় ও আকর্ষণ
প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিলে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই সময়টাতে শাপলার সৌন্দর্য থাকে সবচেয়ে মোহনীয়। 
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলগুলো ধীরে ধীরে মুদে আসে। তাই দূরদূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমীরা সকালেই ভিড় করেন। কেউ ছোট নৌকায় চড়ে বিলের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়ান, আবার কেউ হাতে একগোছা লাল শাপলা নিয়ে ক্যামেরাবন্দি করেন নিজেদের সুন্দর মুহূর্তগুলো।
​সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিলের ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই এটি সবার কাছে ‘ভাইরাল শাপলা বিল’ নামে পরিচিতি লাভ করেছে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে কৌতূহলী মানুষ ছুটে আসছেন এর অপরূপ রূপ উপভোগ করতে।
​জীবিকার উৎস ও মাছের প্রাচুর্য
এই বিল কেবল বিনোদনের স্থানই নয়, এটি স্থানীয় মানুষের জীবন-জীবিকারও এক বড় উৎস। সারা বছরই কম-বেশি মাছ পাওয়া যায় এই বিলে। ভোর হলেই স্থানীয় জেলেরা ছোট নৌকা নিয়ে জাল হাতে নেমে পড়েন। রুই, কাতলা, পুঁটি, শিং থেকে শুরু করে নানা জাতের দেশি মাছ শিকার করেন তাঁরা।
​সকালে ধরা এসব মাছ বিক্রি হয় লামাপাড়া আড়ংয়ে এবং বিকালের মাছ বিক্রি হয় মির্জাপুর বাজারে। এ বিলের মাছ বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন এলাকার অনেক পরিবার।
​প্রাকৃতিক ফলমূল ও ঋতুভিত্তিক বৈচিত্র্য
মাছ ছাড়াও বিলটিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ফল ও উদ্ভিদ। ভেট, পানি কলা, শালুক ও টনার মতো প্রাকৃতিক ফলগুলো এলাকার মানুষের কাছে বেশ পছন্দের।
​ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বিল তার রূপও বদলায়। পানি শুকিয়ে গেলে বিলের চেহারা সম্পূর্ণ পাল্টে যায়। তখন শুরু হয় বোরো ধান চাষের প্রস্তুতি। যে বিলে কিছুদিন আগেও শুধু নৌকা চলত, সেখানে সোনালী ধানের চারা রোপণ করা হয়। শাপলার পচা পাতা ও পলিমাটি বিলের মাটি করে তোলে উর্বর, যার ফলে ধানের ফলনও হয় বেশ ভালো।
​এক ঋতুতে যে বিল লাল ফুলে রঙিন হয়ে ওঠে, অন্য ঋতুতে তা ভরে ওঠে সোনালি ধানে—এটাই মূলত মির্জাপুরের এই শাপলা বিলের চিরন্তন ও আসল সৌন্দর্য।

সানি আহমদ মির্জাপুর, শ্রীমঙ্গল

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত