পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় · 2026-11-10T14:55:00.000000Z · ডেস্ক রিপোর্ট
বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা পরিত্যক্ত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পরিস্থিতির উন্নতি বা অবনতি বুঝতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।
পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দেওয়া কিংবা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণের ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি বিচার করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকার ঘটনায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন পালিয়ে গেছেন বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলা যায় না। একইভাবে রাতের অন্ধকারে বা ভোরে চালক-হেলপারবিহীন পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোও যৌক্তিক নয় বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় নেতা সরকারের ব্যর্থতার কথা বলেছেন এবং বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সক্রিয় থাকলে তা ভালো। সরকারও বিরোধী দলের সহযোগিতা চায়। অতীতেও বিরোধী দলের কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে বলে জানান তিনি।
দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা কিছু ব্যক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে কি না এবং দেশের ভেতরে কারা তাঁদের সহযোগিতা করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার বিবরণ দিলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এর পেছনে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকার মনে করে। তবে সরকার সেই প্রচেষ্টা নস্যাৎ করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি; বরং বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন। গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানান তিনি।
শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি যাতে ব্যাহত না হয় এবং শ্রমিকেরা যাতে কর্মহীন হয়ে না পড়েন, সে জন্য সরকার কাজ করছে বলে সংসদে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হয়েছে, তা পরিসংখ্যানের ভিত্তিতে বিবেচনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে একটি সংবাদপত্রের প্রতিবেদনে হত্যাকাণ্ডের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, তা আগের বছরের একই সময়ের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করা প্রয়োজন। পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত পরদিন সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তুলে ধরবেন, যাতে যে কেউ তথ্য যাচাই করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ভেতরে বা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র কিংবা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।